২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মধুর নির্বাচনী ইশতেহার

খুলনা সিটি কর্পোরেশনকে একটি আধুনিক সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ার অঙ্গীকারে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন জাপা পার্টি সমর্থিত মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলাম মধু।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 08:59 AM

Updated : 25 Apr 2022, 06:49 PM

মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি।

তিনি বলেন, সুশাসন, স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে তিনি আধুনিক সিটি কর্পোরেশন গড়ে তুলতে চান, যাতে জনগণ প্রকৃত সেবা ভোগ করতে পারেন।

নির্বাচনী ইশতেহারে মহানগরীর উন্নয়নে পরিকল্পনা ও পরামর্শক কমিটি গঠন, মাদকমুক্ত নগরী গঠন, নারী অধিকার প্রতিষ্ঠায় সহায়তা প্রদান, নগরবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, নগরীর রাস্তাঘাট ও কালভার্ট সংক্রান্ত সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে নিরসন এবং জলাবদ্ধতা দূরীকরণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সুইমিংপুল স্থাপন, খালিশপুর শিল্পাঞ্চল পুনরুজ্জীবন ও বেকারত্ব দূরীকরণে পদক্ষেপ ও ট্যাক্স না বাড়ানোর কথা বলা হয়েছে।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখত, নাগরিক উন্নয়ন কমিটির কো-চেয়ারম্যান মোল্লা মুজিবর রহমান, শেখ আবুল হোসেন, অ্যাডভোকেট মাহতাব উদ্দীনসহ জাপার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।