২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাটগ্রাম সীমান্ত থেকে একজনকে ধরে নিয়েছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকা থেকে এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2013, 02:05 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

বিজিবি জানায়, আব্দুল লতিফ (২৮) নামের ওই ব্যবসায়ীকে রোববার সকালে সীমান্তের কাছে ধাওয়া করে ধরে নিয়ে যায় বিএসএফ।

লতিফ পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামের আজগর আলীর ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবার রহমান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব পিলারের কাছে ভারতীয় গরু আনতে যান লতিফ। এ সময় ভারতের কুচবিহার জেলার মেখলীগঞ্জ থানার চ্যাংরাবান্ধা ক্যাম্পের ১০৪ বিএসএফ সদস্যরা তাকে ধাওয়া করে।

“তাড়া খেয়ে কাঁটাতারের বেড়ার পাশে ড্রেনে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন লতিফ। পরে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।”

এ ঘটনার পর বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হয়। বিএসএফ বিজিবিকে জানিয়েছে, আটক লতিফকে মেখলীগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মাহবুবার রহমান জানান, জলপাইগুড়ি হাসপাতালে লতিফের চিকিত্সা চলছে বলেও বিএসএফ জানিয়েছে ।