র্যাবের সোর্সকে নিয়ে গেছে বিএসএফ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে র্যাবের অভিযান চলাকালে তাদের এক সোর্সকে নিয়ে গেছে বিএসএফ।
র্যাব ও বিজিবি জানায়, শনিবার ব্রাহ্মণপাড়ার নারায়ণপুর সীমান্ত থেকে মিলন মিয়াকে (২৫) নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রামের শহরের রৌশন আলীর ছেলে মিলন মিয়া র্যাবের সোর্স হিসেবে কাজ করেন বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১১ কুমিল্লার এএসপি কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকমকে বলেন, নারায়ণপুর সীমান্তের কাছে একটি বাড়িতে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার অভিযান চলছিল ভোর সাড়ে ৬টার দিকে।
ওই সময় তাদের সঙ্গে থাকা মিলন ভুল করে সীমান্ত পিলার অতিক্রম করলে ভারতীয় এলাকার চোরাকারবারীরা তাকে ধরে বিএসএফের কাছে হস্তান্তর করে।
কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদ জানান, র্যাবের সোর্স ভুলে সীমান্ত অতিক্রম করেছিল। তাকে ফেরত দেয়ার জন্য বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।
