২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরে আটকা ঢাকাগামী সুরভী

ঝড়ের কারণে কীর্তনখোলা নদীতে চরে আটকা পড়েছে বরিশাল ছেড়ে আসা লঞ্চ সুরভী-৭।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2013, 06:02 AM

Updated : 23 Aug 2022, 10:53 AM

বৃহস্পতিবার রাতে আটকে পড়া লঞ্চটি শুক্রবার সকালেও চর থেকে নামানো যায়নি।

তবে এর যাত্রীদের ট্রলারে করে বরিশালে ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন সুরভী নেভিগেশনের পরিচালক রিয়াজুল কবির।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রী নিয়ে ঢাকা রওনা হয় লঞ্চটি। রাত ১০টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই সংলগ্ন পশুরাকাঠী এলাকায় ঝড়ের কবলে পড়ে লঞ্চটি।

চালক দিকভ্রষ্ট হয়ে লঞ্চটি একটি চরে উঠিয়ে দেয়। তবে ঝড় থেমে গেলেও লঞ্চটি চর থেকে নামিয়ে আনতে ব্যর্থ হন চালক।

রিয়াজুল কবির বলেন, রাত ১২টার দিকে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘অগ্রযাত্রা’ আটকে থাকা লঞ্চটি উদ্ধারের চেষ্টা করে। কিন্তু তাও ব্যর্থ হয়।

এরপর শুক্রবার ভোরে ট্রলারে করে লঞ্চের পাঁচশ’ যাত্রীকে বরিশালে নিয়ে আসা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে বরিশাল বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ) মো. আশরাফ হোসেন জানান, উদ্ধারকারী জাহাজ লঞ্চটি টেনে নামাতে দু’দফা চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

“কিন্তু লঞ্চটি পুরোপুরি চরে উঠে গেছে। আর এমনভাবে চরে আটকে আছে যে তা টেনে নামানো সম্ভব নয়।”

এখন মাটি কেটে লঞ্চটি ছাড়ানোর চেষ্টা চলছে বলে জানান রিয়াজুল কবির।