২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে শান্তিপূর্ণ সড়ক ও নৌ-পথ অবরোধ 

পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী প্রস্তাব বাতিলের দাবিতে খাগড়াছড়িতে সড়ক ও নৌ-পথ অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 03:29 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা পাহাড়ের তিন জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে এ অবরোধ পালিত হয়।

অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা-চট্রগ্রাম-ফেনীর সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

এদিকে অবরোধকারীরা শহরের শাপলা চত্বর, চেঙ্গি স্কোয়ার, কোটবিল্ডিং এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে।

সকালে পিকেটিং চলাকালে পুলিশ শাপলা চত্বর থেকে বাঙালি ছাত্র পরিষদের জেলা কমিটির সদস্য মাসুদ রানাকে আটক করলেও পরে তাকে ছেড়ে দেয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা  স্বীকার করেন।