কুমুদিনী কন্টেইনার পোর্ট: সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি
নারাণগঞ্জের শীতলক্ষ্যার পাড়ে ভারতের আভ্যন্তরীণ কন্টেইনার বন্দর নির্মাণের খবর নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ শাখা।
বুধবার জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ বিষয় সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারিরও দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের জেলা শাখার আহবায়ক রফিউর রাব্বি বলেন, নারায়ণগঞ্জ শহরের কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ৪৬ একর জমিতে ভারতের আভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল নির্মাণের অবকাঠামোগত কাজ শেষ হওয়ার পথে।
“ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১০ মে এই ‘পোর্টের’ প্রযুক্তিগত ও বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দরপত্র আহবান করে সে দেশের পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে।
“দরপত্রে বলা হয়, নারায়ণগঞ্জে ৪৬ একর জমি রয়েছে কুমুদিনীর ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের। প্রতিষ্ঠানটি ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে ওই জমিতে একটি নৌ কন্টেইনার টার্মিনাল নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে। টার্মিনাল নির্মাণের কারিগরি ও বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ভারত সরকারের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় এ দরপত্র আহবান করেছে।”
বন্দর নির্মাণের বিষয়ে সরকারের বিভিন্ন মহল থেকে পরস্পরবিরোধী বক্তব্য দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন রাব্বি।
অন্যদের মধ্যে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য জহিরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলার আহবায়ক তরিকুল সুজন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
