বরিশালে কামালের বিরুদ্ধে আচরনবিধি লঙ্ঘনের অভিযোগ
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১৮ দলের মেয়র প্রার্থী আহসান হাবিব কামালের বিরুদ্ধে আচরনবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন বিরোধীপক্ষ।
বুধবার বিকেলে নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মুজিবুর রহমানের কাছে মহাজোটের মেয়র প্রার্থী শওকত হোসেন হিরনের পক্ষে লিখিত অভিযোগ দিয়েছেন তার নির্বাচনী এজেন্ট কে বি এস আহমেদ কবীর।
রিটার্নিং অফিসার মুজিবুর রহমান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযোগে বলা হয়েছে, কামালের প্রধান নির্বাচন সমন্বয়কারী ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবুর রহমান সরোয়ার এমপি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিরনকে নাস্তিক বলে অভিহিত করেছেন এবং তাকে ভোট না দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
এছাড়াও কামাল নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করে চার রঙা পোস্টার বিলি করছেন বলে হিরনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
রিটার্নিং অফিসার মুজিবুর রহমান বলেন, প্রার্থীদের অভিযোগ তদন্তে মাঠে মোবাইল টিম কাজ করছে। তাদের দেয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে ব্যবস্থা নেয়া হবে।
১৪ দল সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী সদ্য বিদায়ী মেয়র শওকত হোসেন হিরন টেলিভিশন প্রতীক নিয়ে এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী নাগরিক পরিষদের প্রার্থী আহসান হাবিব কামাল আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
