২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএমপি কমিশনারের বদলি চান মেয়র প্রার্থী কামাল

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শামসুদ্দিনকে বদলির আবেদন জানিয়েছেন বিএনপি সমর্র্থিত জাতীয়তাবাদী নাগরিক পরিষদের মেয়র পদপ্রার্থী আহসান হাবিব কামাল।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 11:24 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

মঙ্গলবার এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করেছেন তিনি।

একইসঙ্গে বিএমপি আওতাধীন কোতয়ালী মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন, বিমান বন্দর থানার ওসি শহীদুল ইসলাম ও কাউনিয়া থানার ওসি মাহবুবুর রহমানসহ এসআই মহিউদ্দিন, এসআই মুকুল ও এসআই শ্যামলকেও বদলির কথা আবেদনে উল্লেখ রয়েছে।

প্রধান নির্বাচন কমিশনারের কাছে করা আবেদনের অনুলিপি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মুজিবুর রহমানকেও দেয়া হয়েছে।

লিখিত আবেদনে মেয়র প্রার্থী আহসান হাবিব কামাল বলেন, “বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ তিন থানার ওসি ও উল্লেখিত উপ-পরিদর্শকদের অন্যত্র বদলি প্রয়োজন।”

“তাদের স্থানে নিরপেক্ষ পুলিশ কর্তকর্তাদের পদস্থ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের অনুরোধ জানাচ্ছি”।

এ ব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মুজিবুর রহমান বলেন, তিনি আবেদন দেখেছেন।

“আবেদনটি প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো হয়েছে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা একমাত্র প্রধান নির্বাচন কমিশনারের,” বলেন তিনি।।

তিনি আরো বলেন, প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে মতামত জানতে চাইলে তারা শুধু মতামত দিবেন।