অবৈধ গ্যাস সংযোগ বৈধ ২০ জুন পর্যন্ত
আবাসিক খাতে প্রায় দেড় লাখ অবৈধ গ্যাস সংযোগ বৈধ করতে আগামী ২০ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছে পেট্রোবাংলা।
এই সময়ের মধ্যে সংযোগ বৈধ না করলে জেল-জরিমানাসহ শাস্তির মুখে পড়তে হবে বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর।
প্রায় তিন বছর আবাসিক গ্যাস সংযোগ বন্ধ রাখার পর আবার নতুন সংযোগ দেয়ার বিষয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে সিদ্ধান্ত নেয় সরকার।
পর্যাপ্ত গ্যাসের অভাবে ২০১০ সালের ১৩ জুলাই থেকে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ রাখা হলেও ‘অসাধু কর্মকর্তাদের’ সহযোগিতায় প্রায় দেড় লাখ অবৈধ সংযোগ গড়ে ওঠে।
হোসেন মনসুর বলেন, “অবৈধ গ্রাহকরা এক বছরের বিল এবং তিন মাসের বিলের সমপরিমাণ অর্থ জরিমানা (মোট ৬৭৫০) দিয়ে বৈধ হতে পারবেন। এজন্য ২০ জুনের মধ্যে স্ব স্ব বিতরণ কোম্পানিতে ঘোষণা দিতে হবে।”
“এ সময়ের মধ্যে অবৈধ গ্রাহকরা ঘোষণা দিয়ে বৈধ না হলে তাদের বিরুদ্ধে গ্যাস আইন ২০১০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে জেল ও জরিমানা দুটোই হতে পারে,” বলেন তিনি।
অবৈধ গ্রাহকদের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অধীনে ৫৭ হাজার ৪১১৪ জন ২০১১-১২ অর্থবছরে বিল পরিশোধ করেছেন, যার পরিমাণ ১১৬ কোটি ৮৬ লাখ টাকা। চলতি বছরের সমপরিমাণ অর্থ আসবে বলে জানান হোসেন মনসুর।
কিন্তু সংযোগ অবৈধ হওয়ায় এসব অর্থ হিসাবের মধ্যে এখনো অন্তর্ভুক্ত করা যায়নি।
তবে এই ৫৭ হাজার ৪১৪ জন গ্রাহক বিল পরিশোধ করলেও অন্য অবৈধ সংযোগধারীদের মতো তাদেরকেও একবছরের বিল ও তিন মাসের বিলের সমপরিমাণ জরিমানা দিয়ে বৈধ হতে হবে বলেও জানান পেট্রোবাংলা চেয়ারম্যান।
নতুন সংযোগ দেওয়ার ক্ষেত্রে হোসেন মনসুর বলেন, ডিমান্ডনোটের ক্রম অনুযায়ী তালিকা হচ্ছে এবং সে অনুযায়ী সংযোগ দেয়া হবে।
আবাসিকে সংযোগ দেয়া বন্ধ রাখার সিদ্ধান্তে অবৈধ সংযোগ গড়ে উঠেছে, এক্ষেত্রে সরকারের নীতির কোনো ভুল ছিল কি না-জানতে চাওয়া হলে হোসেন মনসুর বলেন, “কোনো একটি গোষ্ঠী, একটি চক্র এ সরকারের সাফল্য সামনে আনতে চায় না।”
“নতুন সংযোগ অব্যাহত থাকলে ২ লাখের বেশি সংযোগ দিতে হতো না। কিন্তু এখন দেড় লাখ অবৈধ সংযোগ। আমরা গ্যাস দিচ্ছি কিন্তু এটাকে সাফল্য হিসেবে দেখাতে পারছি না। আবার রাজস্ব আদায় থেকেও বঞ্চিত হচ্ছি।”
অধিকাংশ অবৈধ সংযোগই দেয়া হয়েছে দেশের সবচেয়ে বড় বিতরণ কোম্পানি তিতাসের আওতায়।
হোসেন মনসুর বলেন, “তিতাসের কিছু কর্মকর্তা ও কর্মচারী অবৈধ সংযোগ দিয়েছেন। তিতাসে একটি সিন্ডিকেট তৈরি হয়েছে। এসব সিন্ডিকেট সহ্য করা হবে না। সিন্ডিকেট ভাঙা হবে।”
“প্রাথমিক তদন্তে তিতাসের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে আবাসিকে ১৮৬১টি অবৈধ সংযোগ এবং শিল্পে ১২০টি অবৈধ সংযোগ দেয়ার অভিযোগ পাওয়া গেছে।”
তবে ব্যবস্থাপনা পরিচালকের নাম জানতে চাওয়া হলে হোসেন মনসুর বলেননি।
চার বছর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন শেষে আবদুল আজিজ খান গত ফেব্রুয়ারির শেষের দিকে অবসরে যান। এখন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন নওশাদ ইসলাম।
সরকার ২০১০ সালের জুলাইয়ে গৃহস্থালিতে নতুন গ্যাস সংযোগ দেয়া বন্ধ করে। ফলে ওই সময় থেকে গড়ে ওঠা ভবনগুলো গ্যাস সংযোগ পাচ্ছিলো না।
এর মধ্যে কিছু অবৈধ সংযোগ দেয়া হলে একটি রিট আবেদনে গত বছরের নভেম্বরে হাই কোর্ট নতুন সরবরাহের ওপর নিষেধাজ্ঞা দেয়, যা গত ১৬ এপ্রিল প্রত্যাহার করা হয়।
দেশে বর্তমানে সরবরাহ করা গ্যাসের প্রায় ১২ শতাংশ মানুষ যায় গৃহস্থালিতে। বাকিটা যায় শিল্পোৎপাদনে।
