২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসা-বাড়িতে নতুন গ্যাস সংযোগ

তিন বছর পর গ্যাস সংযোগ পেতে যাচ্ছে নতুন আবাসিক ভবনগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 11:58 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

নতুন গ্যাস সংযোগ দিতে হাই কোর্টের নিষেধাজ্ঞা তুলে নেয়ার এক মাসের মধ্যে সরকার সিদ্ধান্ত নিলো।

জ্বালানি সচিব মো. মোজাম্মেল হক মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, আবাসিক বাসা-বাড়িতে গ্যাস সংযোগ দেয়ার প্রস্তাব অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য খুব শিগগিরই পেট্রোবাংলা কাজ শুরু করতে যাচ্ছে।

তবে নতুন কোনো গ্যাস লাইন স্থাপন করা হবে না, যেসব স্থানে লাইন রয়েছে, সেখানে নতুন সংযোগ দেয়া হবে।

সরকার ২০১০ সালের জুলাইয়ে গৃহস্থালিতে নতুন গ্যাস সংযোগ দেয়া বন্ধ করে। ফলে ওই সময় থেকে গড়ে ওঠা ভবনগুলো গ্যাস সংযোগ পাচ্ছিলো না।

এর মধ্যে কিছু অবৈধ সংযোগ দেয়া হলে একটি রিট আবেদনে গত বছরের নভেম্বরে হাই কোর্ট নতুন সরবেরাহের ওপর নিষেধাজ্ঞা দেয়, যা গত ১৬ এপ্রিল প্রত্যাহার করা হয়।

সচিব বলেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রধান মন্ত্রীর কাছে এ বিষয়ে আবেদন করা হয়েছিলো, মঙ্গলবার তিনি তা অনুমোদন দিয়েছেন।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বর্তমানে আবাসিকে প্রায় ৫৮ হাজার অবৈধ গ্যাস সংযোগ রয়েছে।

সচিব বলেন, বিধিমালা অনুযায়ী এসব সংযোগ জরিমানা আদায় করে বৈধ করা হবে।

এসব অবৈধ সংযোগের কারণে প্রায় ৬ মিলিয়ন ঘনফুট গ্যাসের রাজস্ব থেকে সরকার বঞ্চিত হয়ে আসছিলো।

শুধু অবৈধ সংযোগ নয়, যাদের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তারাও বৈধ সংযোগের সুযোগ পাবেন বলে সচিব জানান।

তিনি বলেন, আবাসিক গ্যাস সংযোগ যারা আগেই আবেদন করেছেন এবং ডিমান্ড নোটের টাকা জমা দেয়ার পর তাদের আবেদন বিবেচিত হয়েছে তারাও এ সুযোগ পাচ্ছেন।

নতুন গ্যাস সরবরাহের ক্ষমতা পেট্রোবাংলার রয়েছে জানিয়ে সচিব বলেন, নতুন সংযোগের ডিমান্ড নোট অনুযায়ী ১৫ দশমিক ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হবে।

অবৈধ সংযোগ মিলিয়ে নতুন সংযোগ দেয়ার পর ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হবে।

দেশের ১০ থেকে ১২ শতাংশ মানুষ আবাসিকে গ্যাস সুবিধা পাচ্ছে জানিয়ে মোজাম্মেল হক খান বলেন, “নতুন কোনো গ্যাস লাইন স্থাপন করা হবে না, শুধু যেসব স্থানে লাইন রয়েছে সেখানে নতুন সংযোগ দেয়া হবে।”

নতুন গ্যাস সংযোগ দেয়ার পর গ্যাস সরবরাহে কোনো সঙ্কট হবে না বলেও দাবি করেন মোজাম্মেল হক। 

কোন কোন জেলায় বা বিভাগে নতুন সংযোগ দেয়া হচ্ছে জানতে চাইলে সচিব বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে পযায়ক্রমে এ সংযোগ দেয়ার জন্য।”

নতুন গ্যাস সংযোগ দেয়ার ক্ষেত্রে স্বচ্ছতা রাখতে এবং ভুলভ্রান্তি এড়াতে মন্ত্রণালয় একটি কমিটি গঠন করবে বলেও জানান তিনি।

পুরনো খবর:

গ্যাস সংযোগ প্রদানে নিষেধাজ্ঞা প্রত্যাহার হাই কোর্টের
উৎপাদন বাড়লেও এখনি গৃহস্থালিতে গ্যাস নয়