উৎপাদন বাড়লেও এখনি গৃহস্থালিতে গ্যাস নয়
গ্যাসের দৈনিক উৎপাদন ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হওয়ার পরও গৃহস্থালিতে নতুন সংযোগ আপাতত দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
২০০৯ সাল থেকে সরকার নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রেখেছে।
তবে উপদেষ্টার বক্তব্যের পর বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হোসেন মনসুর ওই অনুষ্ঠানে সাংবাদিকদের জানান, বর্তমানে দৈনিক ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুটের কিছু বেশি গ্যাস উৎপাদন হচ্ছে।
“তাই আবাসিকে গ্যাস সংযোগ দিতে পেট্রোবাংলা প্রস্তুত রয়েছে, এজন্য প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হবে,” বলেন তিনি।
একই বিষয়ে জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হকের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি সরাসরি উত্তর এড়িয়ে বলেন, অগ্রাধিকার ভিত্তিতে সবাই পাবে।
কবে থেকে নতুন সংযোগ দেওয়া হতে পারে, সে বিষয়েও কোনো আভাস দিতে পারেননি তিনি।
উপদেষ্টা তৌফিক বলেন, নতুন গ্যাস সংযোগ দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। অগ্রাধিকার ভিত্তিতে তার নেতৃত্বে গঠিত ছয় সদস্যের একটি কমিটি শিল্প প্রতিষ্ঠানে নতুন কিছু গ্যাস সংযোগ দিচ্ছে।
তবে আবাসিকে আপাতত নতুন গ্যাস সংযোগ দেওয়া হবে না, বলেন তিনি।
উপদেষ্টা বলেন, এখনো দৈনিক গ্যাসের ঘাটতি পাঁচ মিলিয়ন ঘনফুট। এই অবস্থায় বিদ্যুৎ ও শিল্পে গ্যাস দেওয়ার ব্যাপারে প্রাধান্য দেওয়া হচ্ছে।
হোসেন মনসুর বলেন, গ্যাসের উৎপাদন বাড়াতে নতুন নতুন কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে শ্রীকাইলে কূপ খনন চলছে, শিগগিরই সুনেত্রায় খনন শুরু হবে। এজন্য আবাসিকে গ্যাস সংযোগ দিতে এখন আর কোনো বাধা দেখছি না।
চেয়ারম্যান জানান, বর্তমানে দৈনিক ২ হাজার ৭০০ থেকে ৩ হাজার ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুটের কিছু বেশি গ্যাস উৎপাদন হচ্ছে।
ন্যাশনাল ক্যাপাসিটি বিল্ডিং ফর ইমপ্রুভমেন্ট দ্য এনার্জি ইফিসিয়েন্সি অব ইন্ড্রাস্ট্রিয়াল বয়লারস অ্যান্ড ফার্নেন্স’ শীর্ষক এক কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণের এ অনুষ্ঠানে অংশ নেন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আয়োজিত ওই কর্মশালায় প্রতিষ্ঠানের ২৫ জন কর্মকর্তা অংশ নেন।
