২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস সংযোগ প্রদানে নিষেধাজ্ঞা প্রত্যাহার হাই কোর্টের

গ্যাস সংযোগ প্রদানে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 12:35 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

পরিবর্তিত পরিস্থিতিতে রিট আবেদনকারী পক্ষের একটি আবেদনে মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এ আদেশ দেয়।

আদেশের পর আবেদনকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকার ২০০৯ সালের ২১ জুলাই শিল্প ও বাণিজ্যিক এবং ২০১০ সালের ১৩ জুলাই আবাসিক খাতে নতুন গ্যাস-সংযোগ দেয়া বন্ধ ঘোষণা করে। এরপরও প্রচুর অর্থের বিনিময়ে অবৈধ সংযোগ প্রদান অব্যাহত ছিলো। এ কারণে আমরা একটি রিট করলে গত বছরের ৮ নভেম্বর এ সব অবৈধ গ্যাস সংযোগ প্রদানে নিষেধাজ্ঞা দেয় আদালত।

“সম্প্রতি আমরা পত্র পত্রিকায় দেখেছি, গ্যাস উত্পাদন বেড়েছে। এ কারণে সরকার গ্যাস সংযোগ প্রদান আবারো চালু করতে চায়। কিন্তু হাই কোর্টের আদেশের কারণে সেটি সম্ভব নয়। যেহেতু গ্যাস উত্পাদন বেড়েছে। তাই পরিবর্তিত পরিস্থিতে আমরা গ্যাস সংযোগ প্রদানে আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহারে আবেদন করেছি। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছে।

“এখন বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্তের উপর নির্ভর করবে। সরকার সিদ্ধান্ত নিলেই নতুন করে গ্যাস সংযোগ দেয়া যাবে।”

গত বছরের সেপ্টেম্বরের ১ ও ৭ তারিখে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত দুটি প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী, এখলাস উদ্দিন ভূঁইয়া ও মাহবুবুল ইসলাম ৮ নভেম্বর এই রিট দায়ের করেছিলো।

‘গ্যাস-সংযোগ বন্ধ করে দুর্নীতির ক্ষেত্র তৈরি’ এবং ‘একশ্রেণীর কর্মচারী ও ঠিকাদারের পকেট ভারি/ চট্টগ্রামে নতুন গ্যাস সংযোগ দেওয়া হয়েছে ৩০ হাজার!’ শিরোনামে প্রকাশিত ওই দুটি প্রতিবেদন যুক্ত করা হয় এই রিট আবেদনের সঙ্গে।

প্রথম প্রতিবেদনে বলা হয়, ‘সরকার বন্ধ ঘোষণা করলেও গোপনে এবং নানা কৌশলে গ্যাসের নতুন সংযোগ দেয়া-নেয়া চলছে। অবৈধ লেনদেনের মাধ্যমে এসব সংযোগ দেয়া হচ্ছে। গ্রাহকরা বলছেন, গ্যাস-সংযোগ বন্ধ করে সরকারই দুর্নীতির ক্ষেত্র তৈরি করে রেখেছে।’

‘সরকারি হিসাবে শুধু আবাসিক খাতে প্রতিদিন সাড়ে পাঁচ কোটি (৫৫ মিলিয়ন) ঘনফুট গ্যাসের অবৈধ ব্যবহার হচ্ছে। সরকার নতুন সংযোগ বন্ধ ঘোষণা করার পর প্রায় দুই বছরে আবাসিক খাতে এই সাড়ে পাঁচ কোটি ঘনফুট গ্যাসের ব্যবহার ও সরবরাহ বেড়েছে।’

প্রথম আলোর দ্বিতীয় প্রতিবেদনে বলা হয়, ‘সরকার নতুন গ্যাস সংযোগ বন্ধ ঘোষণা করার পর চট্টগ্রাম মহানগর ও আশপাশের উপজেলাগুলোতে প্রায় ৩০ হাজার নতুন সংযোগ দেয়া হয়েছে।

‘কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) একশ্রেণীর কর্মচারী ও কিছু ঠিকাদার এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে অভিযোগ রয়েছে।’

প্রাথমিক শুনানি করে গত বছরের নভেম্বরে আদালত রুল জারি করেছিলো। রুলে অবৈধ সংযোগ দেয়ার সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চায় আদালত।

আদালত একইসঙ্গে অবৈধ গ্যাস সংযোগ প্রদানের উপর নিষেধাজ্ঞাও জারি করে। নতুন এই আদেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও রুল বিবেচনাধীন রয়েছে।