নারায়ণগঞ্জে বালু শ্রমিকদের জরিমানা
নারায়ণগঞ্জে অবৈধভাবে বালু তোলার দায়ে আট শ্রমিকের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে সোনারগাঁয়ের মেঘনা নদীর মায়াদ্বীপ-নুনেরটেক সংলগ্ন নুনেরটেক বালু মহালে বালু তোলার সময় তাদের আটক করা হয়।
এ সময় কোস্টগার্ডের সহযোগিতায় অভিযান চালিয়ে একটি ড্রেজার ও একটি বালুবাহী বাল্কহেড আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আল আমিন বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহ আলী, রূপচাঁন, সোহাগ, বাবুল, রাশেদ, সোলায়মান, ইসমাঈল ও রিপন।
অবৈধভাবে বালু উত্তোলনে মেঘনা, ধলেশ্বরী, বুড়ীগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর চর ও তীরবর্তী ভূমির ক্ষতি রোধে কোস্টগার্ডের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্টগার্ড পাগলা স্টেশনের সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান।
