২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের একাধিক মামলার আসামি খুন

নিখোঁজ হওয়ার তিন দিন পর যশোরের একাধিক মামলার এক আসামির লাশ উদ্ধার করছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2013, 07:24 AM

Updated : 23 Aug 2022, 10:49 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর বাওড়ে শামিমের (৩৫) লাশ পাওয়া যায়। শুক্রবার সকালে তার মা মনোয়ারা বেগম লাশ সনাক্ত করেন। তার বাড়ি যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন সড়কে।

যশোর কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক বলেন, হত্যা, ছিনতাই, মাদক ব্যবসাসহ একাধিক মামলার আসামি ছিলেন শামিম।

এসব মামলায় শামিম জামিনে ছিলেন বলেও তিনি নিশ্চিত করেন।

চৌগাছা থানার ওসি গোলাম রহমান বলেন, উপজেলার ঝিকরগাছা রোডে বেড়বন্দিপুর বাওড়ের উত্তর পাশে শ্মশানের কাছে পানির উপর ভাসমান শামিমের লাশ পাওয়া যায়।

তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান ওসি।

এ ঘটনায় চৌগাছা থানার এসআই জাকির হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন, বলেন ওসি।

শামিমের ভাই সুমন বলেন, গত ২০মে থেকে শামিম নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার রাতে যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডাইরিও করেন তিনি।