২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতের সংঘর্ষ: তৈমুরসহ ১০ বিএনপি নেতাকর্মীর জামিন

কাঁচপুরে হেফাজতকর্মীদের হামলা ও সংঘর্ষের ঘটনায় করা দুটি মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারসহ দলটির ১০ নেতাকর্মীকে জামিন দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2013, 01:15 PM

Updated : 23 Aug 2022, 10:47 AM

রোববার তারা আদালতে হাজির হয়ে আবেদন করলে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ তাদের এক মাসের জামিন মঞ্জুর করে।

আদালতে তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার আমিনুল হক ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।

মতিঝিলের শাপলা চত্বর থেকে উৎখাত হওয়ার পর ৬ মে সকাল থেকে কাঁচপুর এলাকায় পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায় হেফাজতে ইসলামের কর্মীরা। ওই ঘটনায় পুলিশ ও বিজিবিসদস্যসহ মোট ১৯ জনের মৃত্যু হয়।

এ ঘটনায় মোট ১৬টি মামলা দায়ের করা হয়, যার মধ্যে সোনারগাঁও এবং সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় এই ১০ জনকে আসামি করা হয়।