না’গঞ্জে হেফাজতের সংঘর্ষ: আরেকটি মামলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপি সভাপতি তৈমূর আলম খন্দকাকে প্রধান আসামি করে আরেকটি মামলা করেছে পুলিশ।
সোমবার সকালে ট্রাফিক পুলিশের সার্জেন্ট সাখাওয়াত হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন।
অপর আসামিদের মধ্যে জেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির, গিয়াসউদ্দিন, সফর আলী ভূঁইয়াসহ বিএনপি, জামায়াত, শিবির ও হেফাজতের ৩৮ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত পরিচয় আরো অনেককে আসামি করা হয়েছে।
এ নিয়ে সংঘর্ষের ঘটনায় ১৩টি মামলা করা হল বলে পুলিশ জানিয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, ৬মে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে হেফাজতে ইসলামের সমর্থকদের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা ও ইন্ধন দেয়ার অভিযোগ আনা হয়েছে।
গত ৬মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও কাঁচপুর হেফাজতে ইসলামের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের দুই বিজিবি-দুই পুলিশসহ ১৯ জন নিহত হয়। আহত হয় শতাধিক। আগুন দেয়া হয় কাঁচপুর হাইওয়ে থানা ও পুলিশ ফাঁড়িতে।
