কামারখন্দে ফসলে ইটভাটার প্রভাব তদন্তে কমিটি
সিরাজগঞ্জে ইটভাটার তাপ ও ধোঁয়ায় মাঠের ফসল ও গাছপালা পুড়ে যাওয়া তদন্তে একটি কমিটি করেছে স্থানীয় প্রশাসন।
নয় সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসন মোখলেসুর রহমানকে। কমিটিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুজনকেও রাখা হয়েছে।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম রোববার এই কমিটি গঠন করে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন বলে জানিয়েছেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিজিৎ রায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তাও ওই কমিটির সদস্য। অন্য সদস্যরা হলেন- সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তর বগুড়া (১) এর পরিচালকের একজন প্রতিনিধি, ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান ও ভদ্রঘাট ইউনিয়নের চেয়ারম্যান।
কমিটির সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতির কারণ, ক্ষতিপূরণ নির্ধারণ, আইনগত সুপারিশ, অন্য কোন বিষয় থাকলে পরামর্শ, ভবিষ্যতে কৃষকদের ক্ষতি পুষিয়ে উঠার জন্য কী ধরনের ব্যবস্থা নেয়া যায়, সে বিষয়ে পরামর্শ দিতে বলা হয়েছে।
কামারখন্দ উপজেলার কোনবাড়িতে অবস্থিত মালাকার ইটভাটা ((ঝিকঝাক ভাটা) থেকে গত সোমবার নির্গত কালো ধোঁয়া ও তাপদাহে দুটি ইউনিয়নের ২৫০ কৃষকের প্রায় ৫০০ বিঘা জমির ধান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ফলজ বৃক্ষেরও।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকা পরিদর্শন করে ইটভাটা বন্ধের নির্দেশ দেন। তবে কৃষকরা ক্ষতিপূরণ চেয়ে আসছেন।
