২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠের ফসল পোড়ার পর ইটভাটা বন্ধ

সিরাজগঞ্জের কামারখন্দে ধোঁয়া ও তাপে জমির কাঁচা ধান ও অসংখ্য গাছপালা পুড়ে যাওয়ার পর একটি ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে।

ইসরাইল হোসেন বাবু

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2013, 02:51 PM

Updated : 13 Oct 2022, 02:51 PM

ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ি এলাকার মালাকার ইটভাটা (ঝিকঝাক ভাটা) কর্তৃপক্ষের কাছে ফসলের ক্ষতিপূরণও চাইছে কৃষকরা।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিজিৎ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্ষেতের ধান ও গাছপালা পুড়ে যাওয়ার কারণে ওই ইটভাটা সিলগালা করে দেয়া হয়েছে।

কৃষকদের ক্ষতিপূরণের বিষয়ে তিনি বলেন, “কৃষি বিভাগকে বিষয়টি নিশ্চিত হবার জন্য আলামত সংগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।”

ওই ইটভাটাটির কারণে ঝাঐল ইউনিয়নের প্রায় ৫০০ বিঘা পরিমাণ এলাকার ফসল ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষকদের অভিযোগ।

শনিবার দুপুরে ওই এলাকা ঘুরে দেখা যায়, আশপাশের স্বল্প মাহমুদপুর, নান্দিনা কামালিয়া, চৌধুয়ার ও ধোপাকান্দি এলাকার ক্ষেতের ব্রি-২৮ জাতের সবেমাত্র শীষ বের হওয়া ধান, গাছপালা, বাশঁঝাড় ও মৌসুমী ফল আম, কাঁঠাল ও লিচু পুড়ে লাল হয়ে গেছে।

নান্দিনা কামালিয়া গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সহায় সম্বল ব্যয় করে আবাদ করেছি, মাত্র ধানে শীষ বের হয়েছে। আগামী ২০/২২ দিনের মধ্যে ধান কাটতে হতো।

“অথচ পুড়ে ক্ষেতের ধান নষ্ট হয়ে গেছে। খড়গুলোও গরুকেও খাওয়াতে নিষেধ করেছে কৃষি বিভাগ।”

ঝাঐল ও ভদ্রঘাট ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শওকত হোসেন ও মোশারফ হোসেন জানান, দুটি ইউনিয়নের ২৫০ জন কৃষকের প্রায় সাড়ে ৩শ’ বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে এবং গাছপালা ও মৌসুমী ফলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

“জরিপকাজ চলছে, ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে,” বলেন শওকত।

নান্দিনা গ্রামের ইসহাক আলী জানান, গত সোমবার রাতে ইটভাটায় আগুনের তীব্রতা বাড়ে। তখন তাপের সঙ্গে কালো ধোঁয়া বের হতে থাকে। এরপরই ফসল শুকিয়ে যেতে থাকে।

ইটভাটার তত্ত্বাবধায়ক নব মালাকার বলেন, “কৃষকরা আপত্তি জানালে ওই রাতেই ভাটার আগুন নিভিয়ে ফেলা হয়। সকালে আশপাশের ক্ষেতের ধান লাল হয়ে মরে যেতে থাকে, বুঝতে পারছি না কী হয়েছে।”