বাঁশখালীতে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
চট্টগ্রামের বাঁশখালীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
বাঁশখালী থানার ওসি কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ২০ জনের মতো আহত হয়।
পরিস্থিতি শান্ত করতে পুলিশ ১৫ রাউন্ডের মতো শটগানের গুলি নিক্ষেপ করে বলে জানান তিনি।
সংঘর্ষের পর অর্থ সহায়তা দেয়া বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যরা জানান, গত মার্চে বঙ্গোপসাগরে নিহত ২০ জেলে পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ অর্থ সহায়তা প্রদানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আনোয়ারার সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, বাঁশখালীর সাবেক সাংসদ সুলতানুল কবীর চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শী স্থানীয় এক সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাঁশখালী থেকে সামনের নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ কবীর লিটন বক্তব্য দিতে শুরু করলে তার বিরোধী সুলতানের পক্ষের লোকজন ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে শুরু করে।
এক পর্যায়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দুই পক্ষই ইটপাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ি ও সংঘর্ষে লিপ্ত হয়।
এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
