২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিল অভিযানের স্বাধীন তদন্ত চায় হিউম্যান রাইটস

হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় মৃত্যুর ঘটনা তদন্তে স্বাধীন তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2013, 12:43 PM

Updated : 23 Aug 2022, 10:44 AM

ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংগঠনটি শনিবার এক বিবৃতিতে সরকারের প্রতি এই আহ্বান জানিয়েছে।

মতিঝিল অভিযান নিয়ে আন্তর্জাতিক ও বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনে বিএনপি দাবি তোলার পর হিউম্যান রাইটসের এই আহ্বান এলো।

হেফাজতকেন্দ্রিক এই সহিংসতার সঙ্গে যুদ্ধাপরাধের রায়কে কেন্দ্র করে গত ফেব্রুয়ারি ও মার্চে জামায়াতি তাণ্ডবের ফলে সৃষ্ট সংঘাতে মৃত্যুর ঘটনার তদন্তও চেয়েছে হিউমেন রাইটস।

ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংগঠনটির এশিয়া বিভাগের পরিচালক ব্রাড এডামসের ধারণা, নির্বাচনের বছর যুদ্ধাপরাধের রায়কে কেন্দ্র করে আরো রক্তস্রোত বইতে পারে বাংলাদেশে।

“স্বাধীন তদন্ত, দায়িত্বশীল আচরণ ও পুলিশের কৌশল বদলানো না হলে সামনে আরো রক্তপাত দেখতে হবে,” বলেছেন তিনি।  

‘নাস্তিক’ ব্লগারদের শাস্তি এবং প্রকাশ্যে নারী-পুরুষ পুরুষের অবাধ বিচরণ বন্ধের দাবিতে গত ৫ মে ঢাকা অবরোধের পর মতিঝিলে সমাবেশ করে হেফাজত। ওই সমাবেশস্থল থেকে আধা কিলোমিটার এলাকাজুড়ে গাড়ি পুড়িয়ে, ভবনে আগুন ধরিয়ে চলে তাণ্ডব।

হেফাজতকর্মীরা মতিঝিলে টানা অবস্থানের ঘোষণা দিলে রাতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়।

ওই অভিযানে আড়াই হাজার মানুষ নিহত হয়েছে বলে বিএনপি দাবি করলে প্রথমে পুলিশ এবং পরে সরকারি প্রেসনোটে অভিযানের বিষয়ে বক্তব্য দেয় সরকার।

সরকার বলছে, অভিযানে কেউ নিহত হয়নি। তবে দিনের সংঘাতে তিন জন পথচারী, একজন পুলিশ সদস্যসহ মোট ১১ জন নিহত হয়।

মতিঝিলে অভিযানে নিহতদের সংখ্যা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়ার কথা জানিয়ে স্বাধীন তদন্ত কমিশনের দাবি হিউম্যান রাইটস ওয়াচের।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৫ ও ৬ মে হতাহতের সংখ্যা কত, তা জানা যাচ্ছে না। সরকার বলছে, এই সংখ্যা ১১; হেফাজত বলছে, হাজার হাজার; সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সংখ্যাটি প্রায় ৫০। নিহতদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও রয়েছে।

হেফাজত কিংবা বিরোধী দলের পক্ষ থেকে ‘গণহত্যার’ দাবি তোলা হলেও তার কোনো ভিত্তি খুঁজে পায়নি হিউম্যান রাইটস এবং সংগঠনটি মনে করছে, এই দাবি তোলা উত্তেজনা আরো বাড়াবে। 

ব্রাড এডামস বলেন, বিক্ষোভকারী, পুলিশ কিংবা পথচারী- এই সহিংসতার স্বীকার যেই হোক, প্রতিটি মৃত্যুর ঘটনা তদন্তের দায়িত্ব সরকারের ওপর বর্তায়।

মাদ্রাসার শিশুদের এনে সংঘাতময় কর্মসূচিতে ছেড়ে দেয়ায় হেফাজতে ইসলামের সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনটি।

একইসঙ্গে দিগন্ত ও ইসলামিক টেলিভিশন বন্ধ করে দেয়ায় সরকারের সমালোচনা করেছে হিউম্যান রাইটস।

এই সঙ্গে আমার দেশ প্রকাশ ‘বন্ধ’ করা এবং এর সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের প্রসঙ্গও টেনে এনেছে তারা।

পুরনো খবর:

অভিযান ছিল অপরিহার্য: প্রেসনোট
‘তদন্ত কমিশন না হলে জাতিসংঘে যাবে বিএনপি’