সিলেটে বৃষ্টিতে পাহাড় ধস
সিলেটে প্রবল বৃষ্টিতে ধসে পড়েছে একটি পাহাড়ের কিছু অংশ। এতে কেউ হতাহত হয়নি।
তবে সতর্কতার জন্য পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
শনিবার ভোর রাতে নগরীর শাহী ঈদগাহ হাজারীবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
বিমান বন্দর থানার ওসি খায়রুল ফজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রবল বৃষ্টিতে বন বিভাগের মালিকানাধীন একটি পাহাড়ের অংশবিশেষ ধসে পড়ে।
তবে ধসে পড়া অংশটি পাহাড়ের পাদদেশে থাকা দুই বস্তির মাঝখানে খালি জায়গায় পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি।
ওই পাহাড়ের উপরের অংশে একটি ফাটল দেখা দিয়েছে বলেও জানান ওসি।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সেখানকার বস্তিতে থাকা ৩০টি পরিবারকে নিরাপদে সরিয়ে দেন।
বিকেলে ওই এলাকা পরিদর্শনের সময় সিলেট জেলা প্রশসাক শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সিলেটের ঝুঁকিপূর্ণ পাহাড়-টিলার পাদদেশে বসবাসকারীদের সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে।
