অর্ণবকে হত্যা চেষ্টায় মামলা
নারায়ণগঞ্জের তানভীর মুহাম্মদ ত্বকীর চাচাতো ভাই বিশ্ববিদ্যালয় ছাত্র অর্ণব ওয়াহিদকে (২৮) হত্যার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
শনিবার দুপুরে সদর মডেল থানায় অর্ণবের বাবা ওয়াহিদ রেজা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
অভিযোগে বলা হয়, অর্ণবকে গুলির করার সঙ্গে ত্বকী হত্যাকাণ্ডের যোগসূত্র রয়েছে। ত্বকী হত্যাকাণ্ড নিয়ে বাড়াবাড়ি না করতে ভয়ভীতি দেখানোর জন্য এই ঘটনা ঘটানো হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে শহরের খানপুরে বিআরটিসি বাস ডিপোর সামনে অন্ধকারে ৩/৪ রাউন্ড গুলি করে অর্ণবকে হত্যার চেষ্টা করা হয়।
এর মধ্যে একটি গুলি তার ডান হাতে ঢুকে বের হয়ে গেছে। পরে তাকে লোকজন উদ্ধার করে শহরের নারায়ণগঞ্জ হাসাপাতালে নিয়ে যায়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, অর্ণবকে গুলির ঘটনায় মামলা হয়েছে। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত ৬ মার্চ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বীর ছেলে তানভীর মুহাম্মদ ত্বকী।
৮ মার্চ শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীতে তার লাশ পাওয়া যায়।
