মিডিয়াকর্মীর উন্নয়নে কাজ করতে চায় ভারত
বাংলাদেশে গত ২০ বছরে গণমাধ্যমে বিপ্লব ঘটেছে বলে মনে করেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরন।
শনিবার দুপুরে চাঁদপুরে তিনি সাংবাদিকদের বলেন, এদেশে এখন প্রচুর টেলিভিশন চ্যানেল, জাতীয় দৈনিক, আঞ্চলিক দৈনিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। এটা গণতন্ত্রের জন্য ও দেশের জন্য অত্যন্ত শুভ লক্ষণ।
“এ দেশের মিডিয়াকর্মীদের উন্নয়নে আমরা কাজ করতে চাই,” বলেন তিনি।
পঙ্কজ শরন বলেন, “বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত সরকার অত্যন্ত আন্তরিক। আমরা বাংলাদেশকে আরো সহযোগিতা করতে চাই।”
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ বোস, হাইকমিশনারের সহধর্মিনী প্রীতি শরন, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর প্রমুখ।
