যশোরে মাদ্রাসা শিক্ষকদের নিয়ে প্রশাসনের মতবিনিময়
যশোরে মাদ্রাসা শিক্ষকদের নিয়ে মতবিনিময় করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আটটি উপজেলার এমপিওভূক্ত তিনশ’ মাদ্রাসার প্রধানরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জয়দেব ভদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) জাহিদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হেনা মোস্তফা কামাল, জেলা শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দীন।
জেলা প্রশাসক মাদ্রাসা শিক্ষকদের উদ্দেশে বলেন, এমন কিছু করা উচিৎ নয় যাতে সরকারের সম্পদ বিনষ্ট হয় ও জানমালের ক্ষতি হয়। রাষ্ট্র, সমাজ ও ছাত্রদের প্রতি শিক্ষকদের দায়বদ্ধতা রয়েছে।
তিনি বলেন, ধর্ম মানব কল্যাণের জন্য। এমন কিছু করা উচিৎ নয়, যার মাধ্যমে সমাজের অকল্যাণ হয়।
পুলিশ সুপার জয়দেব ভদ্র বলেন, হেফাজতে ইসলামের ঢাকার কর্মসূচিতে যারা গেছেন তাদের সনাক্ত করতে প্রতিটি মাদ্রাসার খাতা তলব করা হয়েছে।
এরপর অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ সুপার।
গত রোববার হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ ও সমাবেশের কর্মসূচি থেকে ব্যাপক তাণ্ডব চালানো হয়। এতে হতাহতের ঘটনা ছাড়াও রাজধানীর বিভিন্ন ভবন ও যানবাহনে হামলা-ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
