২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি মহাসচিবের সাক্ষাৎ

ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব একমেলেদ্দিন ইহসানোগলু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 02:50 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

সোমবার বিকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তিনি।

ইসলামিক ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সের ১৯তম আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে বাংলাদেশে অবস্থান করছেন ওআইসি মহাসচিব।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব বিজন লাল দেব সাংবাদিকদের জানান, বৈঠকে দুজনের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এসময় বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নয়নের জন্য বৈজ্ঞানিক গবেষণার ওপর গুরুত্ব দেন শেখ হাসিনা।

এক্ষেত্রে ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চারটি কৃষি বিশ্ববিদ্যালয় তৈরির জন্য সরকারের আইন প্রণয়নের কথাও বলেন শেখ হাসিনা।

পাটের জন্ম রহস্য এবং নতুন নতুন জাতের ধান উদ্ভাবনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “গবেষণার জন্য আমরা পৃথক তহবিল গঠন করেছি।”

গবেষণা এবং বৈজ্ঞানিক ক্ষেত্রে উন্নয়নে সহায়তার জন্য শেখ হাসিনার প্রশংসা করেন একমেলেদ্দিন।

বৈজ্ঞানিক গবেষণা এবং উচ্চ শিক্ষার সুযোগ আরো বাড়াতে ওআইসির সদস্য দেশগুলোর মধ্যে বৃত্তি বিনিময়ের কথাও বলেন তিনি।

এছাড়া সদস্য দেশগুলোর উন্নয়নে পারস্পরিক সহায়তার ওপরও জোর দেন সংগঠনটির মহাসচিব।

এসময় অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন ও মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান উপস্থিত ছিলেন।