হেফাজতের তাণ্ডব: সিলেটে আ.লীগের প্রতিবাদ সমাবেশ
হেফাজতে ইসলামের ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ।
সোমবার বিকেলে সিলেট কোর্ট পয়েন্টে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তরা বলেন, সহিংসতা ও অগ্নিসংযোগের মধ্যদিয়ে হেফাজতে ইসলাম সারাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। যারা আগুন দিয়ে কোরআন শরীফ পুড়াতে পারে তারা কখনোই ইসলামকে হেফাজত করতে পারে না।
বক্তারা দেশব্যাপী হেফজতের নৈরাজ্য রুখতে সবাইকে মাঠে থাকারও আহবান জানান।
সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বক্তব্য রাখেন।
রোববার ঢাকা অবরোধ ও সমাবেশকে কেন্দ্র করে হেফাজত ইসলাম রাজধানীতে ব্যাপক তাণ্ডব চালায়। এতে কয়েকজনের প্রাণহানীর ঘটনা ঘটে। ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হামলা চালানো হয় ব্যাপকভাবে।
এ তাণ্ডবের প্রতিবাদে আওয়ামী লীগ সোমবার ঢাকায় সমাবেশসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করার পরিপ্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করা হলেও সারাদেশে সে কর্মসূচি পালিত হচ্ছে।
