পরিস্থিতি প্রায় স্বাভাবিক: আইজিপি
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন প্রায় স্বাভাবিক বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।
নারায়ণগঞ্জের হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেখতে সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
হাসান মাহমুদ বলেন, “গতকালে জানমাল ও জনগণের নিরাপত্তার স্বার্থে পুলিশ যা করেছে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই করেছে।"
রোববার গভীর রাতে আইন-শঙ্খলা বাহিনী ১৫ মিনিটের সাঁড়াশি অভিযানে মতিঝিলে অবস্থান নেয়া হেফাজতকর্মীদের উৎখাত করে।
এরপর সকালে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে রাজধানীতে সোমবার মধ্যরাত পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও জমায়েত নিষিদ্ধ করা হয়।
আইজিপি জানান, গত দুইদিনে হেফাজতে ইসলামের সঙ্গে সংঘর্ষে ৩৭ পুলিশ আহত হয়েছে। এর মধ্যে ৩০ জনকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ও ৭ জনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জে সোমবার সকালে দুই পুলিশ ও এক বিজিবি সদস্য এবং গতকাল পুলিশের এক এসআই নিহত হন বলেও তিনি জানান।
