২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতীয় ব্যাবসায়ীদের ধর্মঘটের সঙ্গে এপারের ব্যাবসায়ীদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে বেনাপোল স্থলবন্দর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 05:37 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

ফলে রোববার সকাল থেকে বেনাপোল-পেট্রোপোল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

বাংলাদেশের সিএন্ডএফ অ্যাসোসিয়েশনসহ কয়েকটি সংগঠন শনিবার রাতে এক যৌথসভায় কর্মবিরতির ঘোষণা দেয়।

অন্যদিকে, পেট্রাপোলে ইন্টারনেট সংযোগ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বৃহস্পতিবার থেকে ধর্মঘট করছেন ভারতের ব্যবসায়ীরা।

বকশিসের নামে শ্রমিকদের চাঁদাবাজির প্রতিবাদে রোববার থেকে লাগাতার কর্মবিরতি শুরু করে বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং (সিএন্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনসহ বন্দর ব্যবহারকারী সাতটি ব্যবসায়ী সংগঠন। 

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওপারে ইন্টারনেট সমস্যার কারণে বেনাপোল বন্দর থেকে গত কয়েকদিন ধরে বিশেষ ব্যবস্থায় ভারতের পেট্রাপোল বন্দরে পণ্য রপ্তানি হয়েছে।

কিন্তু বাংলাদেশি ব্যবসায়ীদের কর্মবিরতির কারণে রোববার সকাল থেকেই আমদানি-রপ্তানি ও শুল্কসহ যাবতীয় কার্যক্রম বন্ধ হয়ে গেছে।  

সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দরে মালামাল ওঠানো-নামানোর সময় হ্যান্ডলিং শ্রমিকরা ট্রাক প্রতি একেকটি পণ্য চালানে বকশিসের নামে জোরপূর্বক দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত চাঁদাবাজি করছে।

বন্দর কর্তৃপক্ষের পরিচালক বরাবর দুই দফা সময় দিয়ে আল্টিমেটাম দেয়া হলেও সমস্যা সমাধানে কোনো ব্যাবস্থা নেয়া হয়নি।

এ ব্যাপারে স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (৯২৫) একাংশের সভাপতি জাহাঙ্গীর আলম লাল বলেন, সিএন্ডএফ কর্তৃপক্ষ ও ব্যাবসায়ীরা শ্রমিকদের নামে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ করছে।

যন্ত্রপাতি দিয়ে ভারি মালামাল সরানোর কথা থাকলেও শ্রমিকরা মাথায় করে সেসব কাজ করে।

এসব ক্ষেত্রে আলোচনা সাপেক্ষ পারিশ্রমিক নেন শ্রমিকরা, বলেন তিনি।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) তোফাজ্জেল হোসেন বলেন, অ্যাসোসিয়েশনের অভিযোগগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।