‘শুধু উন্নয়ন নয়, গুরুত্ব দিতে হবে পরিকল্পনায়ও’
সাভারের রানা প্লাজা ধসের মতো বির্পযয় ঠেকাতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ প্রতিটি নগর উন্নয়ন কর্তৃপক্ষকে শুধু উন্নয়ন কর্মকাণ্ড নয়, বরং নগর পরিকল্পনাতেও সমান গুরুত্ব দিয়ে কাজ করার সুপারিশ করেছেন দেশের নগর পরিকল্পনাবিদরা।
প্রশাসনের প্রয়োজনীয় পদগুলোতে দক্ষ জনশক্তির অভাবের বিষয়টিও উঠে এসেছে বক্তাদের কথায়।
শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইনিস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) আয়োজনে ‘সাভারে ভবন ধস এবং ভবিষ্যত করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিকল্পনাবিদরা।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জানানো হয়, সরকার অনুমোদিত ডিটেইলড এরিয়া প্ল্যানের ভূমি ব্যবহার জোনিং প্ল্যান অনুযায়ী রানা প্লাজার প্লটটি আবাসিক জোন হিসেবে চিহ্নিত। এ কারণে ভবনটির বাণিজ্যিক অনুমোদন বৈধ নয়।
এ ছাড়া ভুমি ব্যবহার ছাড়পত্র ও ভবন নির্মাণের আগে ভূমি জরিপ, মাটি পরীক্ষা, স্থাপত্য নকশা, ভীত ও কাঠামোগত নকশা, বৈদ্যুতিক ডিজাইন ও নকশা, পানি ও পয়ঃনিষ্কাশন নকশা, যান্ত্রিক নকশাসহ বিভিন্ন ধাপ অনুমোদনের জমা দেয়ার বিষয়গুলো আশঙ্কাজনক হারে এড়িয়ে যাওয়ার প্রবণতার কথাও উল্লেথ করা হয়।
লিখিত বক্তব্যে আরো জানানো হয়, রাজউকের মোট ১ হাজার ৮১ জন জনবলের মধ্যে মাত্র ২৫৩ জন ৫৯০ বর্গমাইল এলাকার নগর পরিকল্পনার সঙ্গে জড়িত।বাকি ৮২৮ জনই সরাসরি উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যার জন্য সরকারের সুনির্দিষ্ট সংস্থা রয়েছে।
পরিকল্পনাবিদ খোন্দকার এম আনসার হোসেন বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ওয়েবসাইটে গিয়ে দেখা যায় রাজউকের ৯০ শতাংশ কাজ নগর উন্নয়নমূলক, যেমন ফ্লাইওভার নির্মাণ, প্লট তৈরি করে বিতরণ এ জাতীয়। পরিকল্পনার কাজ মাত্র ১০ শতাংশ।
বিআইপি’র সাধারণ সম্পাদক আনসার হোসেন বলেন, “নির্মাণকাজের জন্য সরকারের নিজস্ব বিভাগ পিডব্লিউডি রয়েছে। গৃহায়নের জন্য জাতীয় পর্যায়ে হাউজিং সেটেলমেন্ট বিভাগ রয়েছে। এসব কাজ রাজউককে কেন করতে হবে?”
আলোচনায় বিআইপি’র ভাইস প্রেসিডেন্ট রুখসানা হাফিজ বলেন, “আমাদের দেশে ‘বিল্ডিং কোড’ আছে, প্ল্যানিং কোড নেই। সব উন্নয়ন কর্মকাণ্ডে ‘বিল্ডিং কোডে’র কথা সামনে নিয়ে আসা হয়। কিন্তু আবসিক এলাকার ভবনগুলো সুযোগ-সুবিধা এক ধরনের হবে, বাণিজ্যিক এলাকার সুযোগ-সুবিধা আরেকরকম হবে, এটা নিয়ে কোনো চিন্তাভাবনাই করা করি না।”
এ ধরনের বিপর্যয় এড়াতে ‘সুশাসনে’র গুরুত্বও কম নয় বলে উল্লেখ করেন বিআইপি’র আহ্বায়ক সারওয়ার জাহান ও সভাপতি গোলাম রহমান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম, বোর্ড সদস্য মো. হাসিবুল কবীরসহ আরো অনেকে।
