২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা কলেজ ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ

কথা কাটাকাটির জের ধরে ঢাকা কলেজের সামনে চন্দ্রিমা সুপার মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2013, 05:43 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

শনিবার সন্ধ্যায় এ ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানান নিউ মার্কেট থানার ওসি মোস্তাফিজুর রহমান। তবে আহত কারো অবস্থা গুরুতর নয়। ঘটনার পর সাইন্সল্যাব-আজিমপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ওসি মোস্তাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেনাকাটা নিয়ে তর্কের জের ধরে ওই মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কলেজের কয়েকজন শিক্ষার্থীর হাতাহাতি হয়। খবর পেয়ে আরো কিছু ছাত্র এগিয়ে এসে মার্কেটে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে ব্যবসায়ীরা শিক্ষার্থীদের ধাওয়া দিলে তারা কলেজের ভিতরে ঢুকে যায়।

তিনি আরো বলেন, সংঘর্ষ থামাতে গেলে ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা করে। এই সময় দুই জনকে আটক করা হয়।

তবে আটক ব্যক্তিদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।