২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে কারখানায় ফাটল, ৩টি বন্ধ ঘোষণা

 সাভারে শনিবার ভবনে ফাটল দেখা দেয়ার পর তিনটি পোশাক কারখানা একদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2013, 11:11 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

কারখানাগুলো হল সাভারের তেতুঁলঝোড়া এলাকার ভারটেক্স ওয়্যার লিমিটেড, আশুলিয়ার বেরন এলাকার স্ক্যানটেক্স লিমিটেড ও নাভা নীট কম্পোজিট লিমিটেড।

শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে স্ক্যানটেক্স লিমিটেড কারখানার ছয়তলা ভবনের পিলারে ফাটল দেখা দেয়।

বেশ কয়েকদিন আগে এ ভবনের ছাদেও ফাটল দেখা দিয়েছিল। তখন শ্রমিকরা মালিকপক্ষকে বিষয়টি জানালেও তারা আমলে নেয়নি বলে শ্রমিকরা পুলিশকে জানিয়েছে।

এসআই হাফিজুর আরো বলেন, পাশ্ববর্তী নাভা নীট কম্পোজিট লিমিটেড কারখানার তৃতীয় তলায় ফাটল দেখা দিলে শ্রমিকরা বাইরে বেরিয়ে বিক্ষোভ করতে থাকেন।

এদিকে সাভারের তেঁতুলঝোড়া এলাকার ভারটেক্স ওয়্যার লিমিটেডের ছয় তলা কারখানার তৃতীয় তলায় ফাটল দেখা দিলে সকাল ৯টার দিকে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে যান।

শ্রমিকদের বিক্ষোভের মুখে কারখানা তিনটি একদিনের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ, বলেন এসআই হাফিজুর।

৩০ পোশাক কারখানা ঝুঁকিপূর্ণ

শিল্প পুলিশ সাভার ও আশুলিয়ার ৩০টি পোশাক কারখানাকে ঝুকিপূর্ণ ঘোষণা করে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করেছে এবং কারখানা কর্তৃপক্ষের কাছে নোটিশ পাঠিয়েছে।

শিল্প পুলিশের এসআই হাফিজুর রহমান বলেন, ঝুঁকিপূর্ণ কারখানাগুলো প্রকৌশলী দিয়ে পরীক্ষার পর খুলতে বললেও কোনো কর্তৃপক্ষই তা মানেনি।

তাই দুর্ঘটনা ঘটলে কারখানা কর্তৃপক্ষ দায়দায়িত্ব বহন করবে বলে তাদের জানানো হয়েছে, বলেন তিনি।

তিনি বলেন, বিষয়টি জানিয়ে শুক্রবার স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক, কলকারখানা প্রধান পরিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে।

ঝুকিপূর্ণ কারখানাগুলোর মধ্যে রয়েছে আশুলিয়ার হামীম গ্রুপ, শারমিন গ্রুপ, মাটসুকা এ্যাপারেলস, স্টারলিংক স্টাইল।