নারীদের অন্ধকারে ঠেলে দিতে চায় হেফাজত
রংপুরে এক নারী সমাবেশে বলা হয়, হেফাজতে ইসলামের ১৩ দফা দেশের সংবিধান, উন্নয়ন ও মানবতা পরিপন্থী। দেশকে অন্ধকার যুগে ঠেলে দিতেই এসব দাবি উত্থাপন করা হয়েছে।
শনিবার দুপুরে ১৩ দফার বিরুদ্ধে এবং নারী ও প্রগতি বিরোধী সকল চক্রান্তের প্রতিবাদে এই নারী সমাবেশের আয়োজন করে রংপুর গণজাগরণ মঞ্চ।
সমাবেশে নারী নেত্রীরা বলেন, সরকার হেফাজতের দাবি মেনে নিলে রংপুরের নারী সমাজকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সাভারে ভবন ধসে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর সমাবেশ শুরু হয়।
সমাবেশে রংপুর জেলা পরিষদ প্রশাসক রেজিনা রাজ্জাক বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া নারী জাতিকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। হেফাজতের ১৩ দফা বাস্তবায়িত হলে নারীরা আবারো অন্ধকারে নিপতিত হবে।
দেশের জনসংখ্যার অর্ধেক নারী। সেই নারীকে দমিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়, বলেন তিনি।
রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে প্রতিবাদী নারী সমাবেশ আয়োজক কমিটির সমন্বয়ক মাসুদা রহমান অনুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি মারহামাতুন নেছা, সাধারণ সম্পাদক হাসনা চৌধুরী, বেগম রোকেয়া ফোরামের সভাপতি মনোয়ারা বেগম, নারীনেত্রী সামসাদ বেগম গিনী, মোশফিকা রাজ্জাক, মঞ্জুশ্রী সাহা, ডা. মমতাজ বেগম প্রমুখ।
সমাবেশে রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী ও শিক্ষিকা, এনজিওকর্মী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নারীকর্মীরা যোগ দেন।
সমাবেশের আগে নগরীতে বিশাল র্যালী বের করা হয়।
নারীর অধিকার রক্ষায় হেফাজতকে ঠেকাতে রাজনৈতিক দলগুলোকে সোচ্চার হওয়ারও আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।
