আমার দেশ সম্পাদকের মুক্তি দাবিতে আন্দোলনের হুমকি
শনিবারের মধ্যে দৈনিক আমার দেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি এবং পত্রিকাটির ছাপাখানা খুলে না দিলে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আমার দেশ এর পাঠকমেলা আয়োজিত এক সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
বর্তমান সরকারকে ‘মুক্ত গণমাধ্যম বিরোধী’ সরকার হিসাবে আখ্যায়িত করে বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, “আগামীকালের মধ্যে মাহমুদুর রহমানের মুক্তি এবং আমার দেশ এর ছাপাখানা খুলে না দিলে দুর্বার আন্দোলন গড়ে তুলে তাকে মুক্ত করে আনবো।”
এদিকে মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে ৫ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “এদিন শুধু অবরোধ নয় আন্দোলনের চূড়ান্ত কর্মসূচিও ঘোষণা করা হবে।”
একই সাথে শুক্রবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার এবং সব ধরনের সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিও জানান তিনি।
এদিকে সংগঠনটির মহাসচিব শওকত মাহামুদ বর্তমান সরকারকে ‘সাংবাদিক নির্যাতনকারী’ সরকার অভিহিত করে বলেন, “বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমরা আজ রাজপথে দাঁড়িয়েছি মাহমুদুর রহমানের মুক্তির জন্য। এই সরকার সাংবাদিক নির্যাতনকারী সরকার।”
