ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে অন্ধকারে শেরপুর
কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বুধবার রাত পৌনে ৮টা থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে শেরপুর জেলা শহর।
সদর উপজেলার শেরী ব্রীজ থেকে কুসুমহাটির মাঝামাঝি স্থানে ৩৩ কেভিএ লাইনের একটি খুঁটি উপড়ে পড়ার পাশাপাশি শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নন্দীর বাজার এলাকায় তারও ছিড়ে গেছে বলে বিদ্যুৎ কর্মকর্তারা জানিয়েছেন।
রাত ৮টার দিকে শুরু হওয়া এই কালবৈশাখী ঝড়ে অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে, বোরো ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে ঝড়ে উপড়ে পড়া গাছে এবং ভেঙে পড়া ঘরের নিচে চাপা পড়ে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঝড়ের ক্ষয়-ক্ষতি নিরূপণের কাজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হবে বলে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।
