২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘উত্তেজনা বর্জনের’ আহ্বানে শেষ হলো অধিবেশন

সংসদের ভেতরে ও বাইরে উত্তেজনা বর্জনে ডেপুটি স্পিকারের আহ্ববানের মধ্যে দিয়ে শেষ হলো জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন, যাতে নতুন রাষ্ট্রপতির পাশাপাশি প্রথমবারের মতো নারী স্পিকার পেয়েছে দেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 02:40 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

Image
জাতীয় সংসদ

জাতীয় সংসদ

মঙ্গলবার রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশ পড়ে শোনানোর মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন ডেপুটি স্পিকার শওকত আলী। গত ২১ এপ্রিল সংসদের এই অধিবেশন শুরু হয়।

বিরোধী দলেকে সংসদে আসার আহ্বান জানিয়ে অধিবেশনের সমাপনী বক্তব্যে শওকত আলী বলেন, “জনগণের প্রত্যাশা অনুযায়ী মহান জাতীয় সংসদকে সত্যিকার অর্থে কার্যকর ও জনকল্যাণমুখী করার ব্যাপারে সরকারি ও বিরোধী দলের সম্মিলিত প্রয়াসের বিকল্প নেই।

“আমি ঐকান্তিকভাবে চাই, প্রধান বিরোধী দল জনগণের প্রত্যাশা পূরণে তাদের ইতিবাচক বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে সংসদ অধিবেশনে যোগদান করবেন এবং মূল্যবান অবদান রাখার প্রচেষ্টা চালিয়ে যাবেন।”

শওকত আলী বলেন, “সংসদের ভেতরে ও বাইরে আমাদের উত্তেজনা বর্জন করতে হবে। কারণ উত্তেজিত মানুষ মুখ খোলা রাখে, কান খোলা রাখে না। এ কারণে এক পক্ষ প্রতিপক্ষের কথা শুনতে পায় না। সুতরাং উত্তেজনা বর্জন করুন।”

আব্দুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর থেকে ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করে আসা শওকত আলী বলেন, সংসদীয় গণতন্ত্র চর্চার অন্যতম প্রধান হাতিয়ার হলো বিতর্ক এবং তা হতে হবে প্রাঞ্জল ভাষায়।

“আপনারা মহান জাতীয় সংসদের সম্মানিত সদস্য হিসেবে নিজের, এলাকার এবং জাতীয় ও আন্তর্জাতিক বিষয়গুলো সংসদে তুলে ধরবেন এটাই সকলের প্রত্যাশা।”

প্রধান বিরোধী দল বিএনপির টানা বর্জনের মধ্যেই এ অধিবেশনে দেশের ২০ তম রাষ্ট্রপতি নির্বাচিত হন প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ, যিনি স্পিকারের দায়িত্ব পালন করে আসছিলেন। মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর তাকেই অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব দেয়া হয়েছিল।  

আর অধিবেশনের শেষ দিন মঙ্গলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী, যিনি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।

অধিবেশন শেষ করার আগে ডেপুটি স্পিকার সাভারে ভবন ধসের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের আরোগ্য কামনা করেন।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, আট কার্যদিবসের এ অধিবেশনে সাতটি বিল পাস হয়। ৭১ বিধিতে আসা ১৫১টি নোটিশের মধ্যে নয়টি গ্রহণ করা হয়।

প্রধানমন্ত্রীর উত্তর দেয়ার জন্য এ অধিবেশনে ৪১টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি ১০টি প্রশ্নের উত্তর দেন।

বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেয়ার জন্য ১ হাজার ২১১টি প্রশ্নের মধ্যে জবাব পাওয়া যায় ৫১৫টির।