মেঘনা দূষণ: বসুন্ধরাকে ৫০ লাখ টাকা জরিমানা
অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি মেঘনা নদীতে ফেলার জন্য বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন বসুন্ধরা পেপার মিলসকে প্রায় ৫০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশে অধিদপ্তরের সহকারী পরিচালক (এনফোর্সমেন্ট) মুহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ অধিপ্তর গত ১৬ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর কাছে বসুন্ধরা পেপার মিলসের তরল বর্জ্যের মান পরীক্ষার কারখানা দুটিতে যান। সে সময় তারা বসুন্ধরা পেপার মিলসের ইউনিট-১ এর বর্জ্য পরিশোধন না করেই নদীতে ছাড়ার প্রমাণ পান। ইউনিট-২ এ প্রাপ্ত নমুনা মান মানমাত্রার নীচে পাওয়া যায়।
পরে এ বিষয়ে ব্যাখার জন্য শুনানিতে হাজির হলে ওই দুটির ইউনিটের ব্যবস্থাপকরা দোষ স্বীকার করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন।
শুনানি শেষে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর পরিবেশের ক্ষতিসাধনের দায়ে বসুন্ধরা পেপার মিলসকে মোট ৪৯ লাখ ৯২ হাজার টাকা জরিমানা করেন।
একই সাথে মেঘনা নদীর পরিবেশ ও প্রতিবেশ এবং জীববৈচিত্র্যের অবস্থার উন্নতি না হলে বসুন্ধরা পেপার মিলস বন্ধ করে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তবে জরিমানার বিষয়ে কারখানা দুটির মালিকানায় থাকা বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (মিডিয়া) মোহাম্মদ আবু তৈয়ব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি বিশেষ মহলের যোগসাজশে পরিবেশ অধিদপ্তর অন্যায় ও অযৌক্তিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।”
