রানার বাবা খালেক ১৩ দিনের রিমান্ডে
সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় ভবন মালিক সোহেল রানার বাবা আবদুল খালেককে ১৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার খালেককে আদালতে হাজির করে দুই মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক মীর শাহীন শাহ পারভেজ।
শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ওয়াসিম শেখ ফৌজদারি দণ্ডবিধির মামলায় সাত দিন এবং ইমারত আইনের মামলায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কোনো আইনজীবী আদালতে আসামির পক্ষে শুনানি করতে রাজি না হওয়ায় খালেক নিজেই কথা বলেন।
সোমবার দুপুরে ঢাকার মগবাজার এলাকা থেকে আবদুল খালেককে গ্রেপ্তার করা হয়। একই দিনে আর তার ছেলে রানাকে ১৫ দিনের রিমান্ডে পাঠায় এ আদালত।
গত ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড এলাকায় রানার মালিকানাধীন ‘রানা প্লাজা’ ধসে নিহতের সংখ্যা ৩৮৫ ছাড়িয়ে গেছে।
ধসের চার দিন পর রোববার বেনাপোলে র্যাবের হাতে গ্রেপ্তার হন সোহেল রানা, যিনি পৌর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পরিচয়ে কিছু দিন আগেও পোস্টারে এলাকা ছেয়ে ফেলেন।
এ ঘটনায় পুলিশ ও রাজউকের পক্ষ থেকে রানা, তার বাবা আবদুল খালেক এবং ওই ভবনে থাকা পাঁচ পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে সাভার মডেল থানায় দুটি মামলা হয়।
রানাকে গ্রেপ্তারের পর র্যাবের এক সংবাদ সম্মেলনে বলা হয়, সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় মূলত ভবন মালিক রানাই দায়ী। আগের দিন ফাটল ধরার পরও তিনি ভবন খুলে দেন এবং ওই ভবনে থাকা পাঁচ কারখানার শ্রমিকদের কাজ করতে বাধ্য করেন।
অবশ্য রানার দাবি, কারখানা মালিকদের ‘চাপেই’ তিনি ফাটল ধরা ভবনে কাজ চালাতে দিয়েছিলেন।
ওই ভবনে থাকা পাঁচ কারখানার চার মালিককেও গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
