রানা ও গার্মেন্ট মালিকদের সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা
সাভারের ধসে পড়া ভবনের মালিক মো. সোহেল রানা এবং কারখানাগুলোর মালিকদের সম্পত্তি হস্তান্তর বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
পাঁচজনের উপস্থিতিতে মঙ্গলবার এই নির্দেশ দেয় বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের বেঞ্চ।
উন্মুক্ত আদালতে দেয়া এই আদেশে আদালত প্রথমে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ এলেও পরে এক আইনজীবীর উত্থাপিত নতুন পয়েন্টেরে ভিত্তিতে আদেশ থেকে কিছুটা সরে আসে আদালত।
সাভারের এই ইস্যুতে একটি রিটের অন্যতম আবেদনকারী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদেশে সম্পত্তি যাতে স্থানান্তর না হতে পারে সেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। আসলে বাজেয়াপ্তের জন্য কিছু আইনগত প্রক্রিয়া রয়েছে। এভাবে বাজেয়াপ্ত করা যায় না।”
অপর এক আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উন্মুক্ত আদালত একবার বাজেয়াপ্তের কথা বলেছিলো। তবে আমি নতুন একটি বিষয় আদালতে নজরে আনলে পরে সেই আদেশে আদালত পরিবর্তন আনে। আমি খোঁজ নিয়েছি, বর্তমানে বাজেয়াপ্তের কোন আদেশ নেই।”
আগামী ৩০ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে ঢাকার রেজিস্ট্রার ও পুলিশ সুপারকে নির্দেশ দেয়া হয়েছে।
রানা প্লাজায় থাকা ওই কারখানাগুলোর মালিকরা হলেন- ইথার টেক্সের মালিক আনিসুর রহমান, ফ্যান্টম অ্যাপারেলস ও ফ্যান্টম ট্যাকের মালিক আমিনুল ইসলাম, নিউ ওয়েভ বটমের মালিক মাহমুদুর রহমান তাপস এবং নিউ ওয়েভ স্টাইলের মালিক বজলুস সামাদ আদনান।
ভবন ধসে প্রায় চারশ’ প্রাণহানির ঘটনায় করা দুটি মামলায় রানা ও কারখানা মালিকদের ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মধ্যে বুধবার এই পাঁচজনকে নেয়া হয় হাই কোর্টে। গত ২৪ এপ্রিল ভবন ধসের পর রানা প্লাজার মালিক এবং ভবনে থাকা কারখানাগুলোর মালিকদের আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছিল আদালত।
গত ২৩ এপ্রিল ফাটল দেখা দিলেও কথিত যুবলীগ নেতা সোহেল রানার মালিকানাধীন ভবনে থাকা পাঁচটি কারখানায় পরদিন কাজ চলছিল, এর মধ্যেই ধসে পড়ে ভবনটি। সেখানে এখনো উদ্ধার কাজ চলছে।
ভবন নির্মাণে অনিয়ম এবং শ্রমিকদের কাজে বাধ্য করে মৃত্যুর মুখে ঠেলে দেয়ার অভিযোগে পুলিশ ও রাজউক দুটি মামলা করেছে, যাতে সোহেল রানা, তার বাবা এবং কারখানা মালিকদের আসামি করা হয়েছে।
ভবন ধসের পর পালিয়ে যাওয়া রানাকে গত রোববার সীমান্তবর্তী বেনাপোলে গ্রেপ্তার করে র্যাব। তার আগেই গ্রেপ্তার করা হয় কারখানা মালিকদের।
সকাল ৯টার দিকে আদালতে হাজির করা হয় ওই পাঁচজনকে। সাড়ে ১০টার দিকে বিচারকক্ষে হাজির করা হয় তাদের।
শুনানির প্রথমেই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাভারের ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে এক কোটি টাকা করে প্রদানের জন্য আদালতের কাছে আর্জি জানান।
আদালত চাইলে রানা ও গার্মেন্ট মালিকদের সম্পদ বিক্রি করে দিতে পারবে বলেও মত দেন তিনি।
তিনি প্রস্তাব করে বলেন, “ধরুন ৬০০ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে ৩০০ কোটি টাকা দিবে রানা। বাকি ৩০০ কোটি টাকা গার্মেন্ট মালিকরা দিবে।”
আদালতে গার্মেন্ট ও ভবন মালিকরা ছাড়াও হাজির হন, প্রধান কারখানা পরিদর্শক, শিল্প পুলিশের দুই কর্মকর্তা, সাভার থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ধসের আগের দিন রানা প্লাজা পরির্দশনকারী প্রকৌশলী ফজলুল হকের খোঁজ বের করতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে আদেশ দেয় আদালত।
ওই প্রকৌশলীকেও তলব করেছিল আদালত। তবে হাজির না হওয়ায় আদালত তার বিষয়ে সাভার থানার ওসিকে জিজ্ঞেস করলে তিনি জানান, তার ঠিকানা পাওয়া যায়নি।
এরপর আদালত এক সপ্তাহের মধ্যে প্রকৌশলী ফজলুল হকের খোঁজ বের করতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে আদেশ দেয়।
রানা প্লাজায় ফাটল এবং পরবর্তীতে ব্র্যাক ব্যাংকের শাখা প্রত্যাহারের সম্পূর্ণ ঘটনা জানিয়ে ওই শাখার ব্যবস্থাপককে তার বক্তব্য আদালতে হলফনামা আকারে দাখিল করতে বলা হয়।
ফাটল দেখার পর রানা প্লাজায় মানুষের জীবন রক্ষায় সরকার কি পদক্ষেপ নিয়েছেন, তাও জানাতে বলেছে আদালত। জীবন ও সম্পদের উপর হুমকি সৃষ্টিকারী ভবন ও স্থাপনায় সরকার কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে তাও হলফনামা আকারে আদালতে জমা দিতে হবে।
একই সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউককে তাদের নিয়ন্ত্রাণাধীন এলাকার ভবনগুলোর বর্তমান অবস্থা জানাতে দুই সপ্তাহ সময় বেঁধে দেয়া হয়েছে। প্রতিবেদনে ভবনগুলোতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা আছে কি না, স্বাস্থ্য সম্মত কি না, তাও উল্লেখ করতে বলা হয়েছে।
অবশ্য রাজউকের আইনজীবী কেএম সাইফুদ্দিন এত কম সময়ে তালিকা প্রস্তুত করা সম্ভব হবে বলে আদালতে জানায়। এর পরিপ্রেক্ষিতে কয়েকটি পর্যায়ে প্রতিবেদন দেয়ার নির্দেশ আসে।
উদহারণ স্বরূপ, প্রথমে গার্মেন্ট/শিল্পভবন, এরপর অন্য ভবনের তালিকা দিতে বলে আদালত।
এর বাইরে দেশের শিল্প ভবনগুলোতে কর্ম পরিবেশ আছে কি না, তা প্রতিবেদন আকারে শ্রম মন্ত্রণালয়ের প্রধান কারখানা পরিদর্শককে জানানোর নির্দেশ দেয়া হয়। কাজের পরিবেশ না থাকলে সংশ্লিষ্ট কারখানাগুলোকে বন্ধ করে দিতে হবে বলে মন্তব্য করে আদালত।
একই সঙ্গে গার্মেন্ট কারাখানার পরিবেশ পরিস্থিতি নিয়ে বিজিএমইএকেও একটি প্রতিবেদন দিতে বলা হয়।
ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষতিপূরণের হার নির্ধারণের জন্য সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি, ঢাকার জেলা প্রশাসক ও পুলিশ সুপার ও পাঁচ কারখানা মালিক প্রমুখের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। কমিটিতে একজন চিকিত্সক, একজন মনোবিজ্ঞানী এবং একজন অর্থনীতিবিদকে রাখতে বলা হয়।
এক পর্যায়ে আইনজীবী হাসান এম এস আজিম দাড়িয়ে বলেন, আপনারা সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ কী হাই কোর্ট এভাবে দিতে পারে?
আদালত বলেন, আমরা আদেশ দিয়েছি। যাতে সম্পত্তি হস্তান্তর না হতে পারে।
এ সময় হাসান এম এস আজিম বলেন, কিন্তু এখানেতো তৃতীয়পক্ষের স্বার্থ থাকতে পারে। তাদের সম্পত্তির বিপরীতে ব্যাংক লোন থাকতে পারে।
জবাবে আদালত বলেন, আমরা আদেশ দিয়েছি। সে রকম কোন কিছু এলে দেখা যাবে।
আদালতে ব্যারিস্টার সারা হোসেন বলেন, কিন্তু এদের সব সম্পদতো নিজের নামে থাকবে না। পরিবারের সদস্যদের নামেও থাকতে পারে। সেক্ষেত্রে কি হবে?
আদালত বলেন, এখন কীভাবে এই আদেশ দিবো? কেউ সম্পত্তি হস্তান্তর করতে গেলে তাকে কি জিজ্ঞেস করা হবে, ভাই আপনি কি রানার ভাই/বোন/পরিবারের সদস্য! আপনারা একটি তালিকা দেন। আমরা সেটা দেখে আদেশ দিব।
পরে ‘বাজেয়াপ্তের’ পরিবর্তে সম্পত্তি যাতে স্থানান্তর না হতে পারে সেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় হাই কোর্ট।
