নিখোঁজ স্বামীকে ফিরে পাওয়ার আশায় আছেন মুক্তা
বিএনপি নেতা ইলিয়াস আলীর সঙ্গে নিখোঁজ গাড়িচালক আনছার আলীর সন্ধান পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে তার স্ত্রী মুক্তা বেগম।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে আনছারের স্ত্রী মুক্তা বেগম আবেগ আপ্লুত কন্ঠে বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী স্বজন হারানোর বেদনা বুঝেন। আমার স্বামী আজ এক বছরেরও বেশি সময় যাবত নিখোঁজ হয়ে আছেন। আমি এখনো আশা করি, প্রধানমন্ত্রী ও দেশের আইন শৃঙ্খলা বাহিনী আন্তরিক হলে আমার স্বামীকে ফিরে পাবো।"
"এজন্য আমি আবারো অনুরোধ জানাচ্ছি- প্রধানমন্ত্রী আপনি আমার স্বামীকে খুঁজে দিন।"
গত বছরের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানীর থেকে বাসা থেকে বেরোনোর পর নিখোঁজ হন বিএনপির সাবেক সাংসদ ও সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনছার। তারপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
মুক্তা বেগম জানান, একমাত্র উপার্জনক্ষম স্বামীর অনুপস্থিতি তার পরিবার চরম অর্থ সংকটে দিনাপাত করছে।
এ সময়ে তার একমাত্র শিশুকন্যা চাঁদনী মায়ের পাশে বসা ছিল।
বাংলাদেশ মোটর চালক-শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোসলেম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন কবির উপস্থিত ছিলেন।
