উদ্ধার অভিযানে 'ডগ স্কোয়াড'
সাভারে ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে মরদেহ খুঁজে বের করতে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হচ্ছে, যেখানে শত শত লাশ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে উদ্ধার অভিযানের সমন্বয়কের দায়িত্বে থাকা সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী ধ্বংসস্তূপে মরদেহ সনাক্তের জন্য কুকুর ব্যবহারের পরিকল্পনার বিষয়ে গণমাধ্যমকর্মীদের কাছে মতামত জানতে চান।
তিনি জানান, সেনাবাহিনীর কাছে এ কাজে বিশেষ প্রশিক্ষণ পাওয়া দুটি কুকুর রয়েছে। গণমাধ্যমকর্মীদের মতামত পাওয়ার পর উদ্ধার অভিযানে কুকুর ব্যবহারের প্রস্তাব সরকারকে জানানো হবে।
অবশ্য সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই দেখা যায় ধ্বংসস্তূপে চারটি কুকুর নিয়ে মরদেহের খোঁজ করছেন সেনা সদস্যরা।
উদ্ধারকাজে সাধারণত জীবিত মানুষের সন্ধানে তীব্র ঘ্রাণশক্তির অধিকারী কুকুর ব্যবহার করা হলেও, রানা প্লাজার ধ্বংসস্তূপে তীব্র লাশের গন্ধের মধ্যেই কুকুর দিয়ে মরদেহ খোঁজা হচ্ছে।
ধসে পড়া ভবনটির চারপাশে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এ কারণেই সবাই অনুমান করছেন, ভেতরে অনেক লাশ পচে আছে। উদ্ধার পাওয়া গার্মেন্ট কর্মীরাও জানান, ভেতরে অসংখ্য সহকর্মীর মরদেহ রয়েছে।
কিন্তু ধসে পড়া রানা প্লাজার সামান্য অংশের ধ্বংসাবশেষ কেবল সরানো গেছে। ভেঙে পড়া ছাদগুলোর মধ্যেই চাপা পড়া অবস্থায় শত শত মরদেহ রয়েছে বলে জানিয়েছেন প্রিয়জনের লাশের জন্য অপেক্ষারত স্বজনরা।
সাভার থানার উপ-পরিদর্শক ফিরোজ আলম সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, নিখোঁজের তালিকায় প্রায় ১৩০০ মতো নাম এসেছে। অধরচন্দ্র মাঠে নিখোঁজের তালিকা লিপিবদ্ধ করার জন্য সোমবার দায়িত্বে ছিলেন এই পুলিশ কর্মকর্তা। অবশ্য কয়েকবার একই জনের নাম তালিকাভুক্ত করায় এ সংখ্যা কিছুটা কমতে পারে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
তবে সংবাদ সম্মেলনে মেজর জেনারেল হাসান জানান, ভবনে কতজন ছিল তার সঠিক সংখ্যা না জানা পর্যন্ত নিখোঁজের সংখ্যা বলা যাচ্ছে না। সঠিক সংখ্যা না পাওয়া পর্যন্ত নিখোঁজের সংখ্যা প্রচার না করার জন্য সংবাদকর্মীদের অনুরোধ জানান তিনি।
নিখোঁজদের সন্ধানে জড়ো স্বজনদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মেজর জেনারেল হাসান বলেন, "আপনাদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। একটু ধৈর্য ধরুন। একটা দেহ ভেতরে থাকতে আমরা উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করবো না।"
বিভিন্ন হাসপাতালের মর্গে যেসব লাশ রয়েছে এবং যারা চিকিৎসাধীন রয়েছে তাদের নামের তালিকা তথ্য কেন্দ্রে টাঙিয়ে দেয়া হবে। এছাড়া গণমাধ্যমের মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।
তিনি জানান, ভবন ধসের পর উদ্ধার অভিযান চালিয়ে ২ হাজার ৮১৮ জনকে জীবিত ও মৃত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে মৃতের সংখ্যা ৩৮৫ জন বলে তিনি জানান।
কারখানগুলো ৩ হাজার ২০০ লোক কাজ করতো বলে শুনতে পেয়েছেন এবং হরতালের দিন তাদের সবাই কাজে যাননি উল্লেখ করে নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক সাংবাদিকদের বলেন, নিখোঁজ কত হতে পারে আপনারাই বুঝে নিন।
তবে জীবিত উদ্ধারকৃতদের সংখ্যা কিভাবে নির্ণয় করা হলো এ ব্যাপারে তিনি কিছু জানান নি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেজর জেনারেল হাসান বলেন, "জীবিত, মৃত ও আহতদের তালিকা করার মাধ্যমেই আমরা কতজন নিখোঁজ রয়েছে তার সঠিক সংখ্যা বলতে পারবো।
দুর্ঘটনার সপ্তম দিনে দুপুর পর্যন্ত পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
মৃতদেহগুলো উদ্ধারের ক্যামেরাসহ বিভিন্ন ডিভাইস ব্যবহার করা হচ্ছে বলেও তিনি জানান।
তিনি জানান, উদ্ধার অভিযান চালাতে সময় লাগছে, কেননা একটা একটা স্ল্যাব সরানো হচ্ছে।
মেজর জেনারেল হাসান বলেন, ধ্বংসস্তূপ থেকে কংক্রিটের টুকরা গাড়িতে করে বংশী নদীতে নিয়ে ফেলার সময় অনেকই লাশের সন্ধানে গাড়ি আটকাচ্ছেন।
“তাদের বলছি জীবন ও প্রাণের মায়া ত্যাগ করে আমরা উদ্ধার চালাচ্ছি। আমাদের একটু সহায়তা করুন। শেষ বডিটিও আমরা তার স্বজনের কাছে ফিরিয়ে দিতে চাই।”
ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার শুরুর ২০ ঘণ্টায়ও লাশ না পেয়ে রানা প্লাজার কাছে বিক্ষোভ করছেন নিখোঁজদের স্বজনরা। উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগানও দেন তারা।
ভাগ্নে আরিফুর রহমানের খোঁজ না পেয়ে এই বিক্ষোভে শামিল ইউনুস বলেন, “আমি নিজে ভবনে ঢুকে এর উত্তর-পূর্ব কোণার দিকে অনেক লাশ দেখে এসেছি। অথচ ভারী যন্ত্রপাতি সেদিকে ব্যবহার না করে সামনে ও পিছনে ব্যবহার করা হচ্ছে, যেখানে লাশ নেই।”
