উদ্ধার কাজে অসন্তোষ থেকে বিক্ষোভ
ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার শুরুর ২০ ঘণ্টায়ও লাশ না পেয়ে রানা প্লাজার কাছে বিক্ষোভ শুরু করেছে নিখোঁজদের স্বজনরা। উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগানও দিচ্ছে তারা।
ধসের ছয় দিনেও স্বজনদের খোঁজ না পাওয়া কয়েকশ’ মানুষ সোমবার বিকালে বিক্ষোভ শুরু করেন। তবে সকাল থেকেই বিভিন্নভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছিলেন তারা।
গত ২৪ এপ্রিল এই নয় তলা ভবন ধসের পর জীবিতদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেয়ায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয়নি উদ্ধার অভিযানে।
সাড়ে তিন শতাধিক লাশ এবং প্রায় আড়াই হাজার জনকে জীবিত উদ্ধারের পর রোববার রাতে উদ্ধার কাজে যোগ হয় ভারী যন্ত্রপাতি।
ভবন ধসের সময় এর বিভিন্ন তলার পাঁচটি পোশাক কারখানায় সাড়ে ৩ হাজার শ্রমিক কাজ করছিলেন বলে দমকল বাহিনীর ধারণা। তবে অনেকের মতে, এই সংখ্যা আরো বেশি।
জীবিত ও মৃত অবস্থায় উদ্ধার ব্যক্তিদের মধ্যে প্রায় ১৩শ’ জনকে না পেয়ে তাদের স্বজনরা ভিড় করে আছেন রানা প্লাজার প্রায় আধা কিলোমিটার দূরে সাভার বাস স্ট্যান্ডের কাছে।
সাভার থানার উপ-পরিদর্শক ফিরোজ আলম সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, নিখোঁজের তালিকায় প্রায় ১৩০০ মতো নাম এসেছে।
অধরচন্দ্র মাঠে নিখোঁজের তালিকা লিপিবদ্ধ করার জন্য সোমবার দায়িত্বে ছিলেন এই পুলিশ কর্মকর্তা।
সোমবার দুপুরে গিয়ে দেখা যায়, ভবনের ভেঙে পড়া অংশ যে সব ট্রাকে সরিয়ে নেয়া হচ্ছে, তা প্রতিটিকে আধা কিলোমিটার দূরে সাভার থানা বাসস্ট্যান্ডের কাছে থামাচ্ছেন নিখোঁজদের স্বজনরা। ট্রাকে উঠে তারা দেখছেন সেখানে কোনো মৃতদেহ রয়েছে কি না।
বিকাল সাড়ে ৫টার দিকে বাস স্ট্যান্ডের কয়েকশ’ গজ দূরে রাঙাবন নার্সারির কাছে কয়েশ মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।
তাদের মুখে স্লোগান ছিল ‘লাশ চাই-দিতে হবে’, ‘লাশ গুম করার ষড়যন্ত্র-চলবে না, চলবে না’, ‘সেনাবাহিনীর ভারী মেশিন-বন্ধ কর, বন্ধ কর’ ইত্যাদি।
সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান কেন- জানতে চাওয়া হলে সাভারের সবুজবাগের ইউনুস খান বলেন, “সেনাবাহিনী ভারী যন্ত্রপাতি ব্যবহার করার কারণে লাশগুলো সব কনক্রিটের সঙ্গে মিশে যাবে। আমরা চাই, আগে যেভাবে লাশ বের করা হচ্ছিল, সেভাবেই বের করা হোক।”
ভাগ্নে আরিফুর রহমানের খোঁজ না পেয়ে এই বিক্ষোভে শামিল ইউনুস।
“আমি নিজে ভবনে ঢুকে এর উত্তর-পূর্ব কোণার দিকে অনেক লাশ দেখে এসেছি। অথচ ভারী যন্ত্রপাতি সেদিকে ব্যবহার না করে সামনে ও পিছনে ব্যবহার করা হচ্ছে, যেখানে লাশ নেই।”
জীবিত কেউ আর নেই- এটা ধরে নিয়ে ভারী যন্ত্রপাতি দিয়ে উদ্ধার অভিযান চললেও সেনাবাহিনী বলেছে, তারা সতর্কতার সঙ্গে কাজ করছে, যাতে কেউ জীবিত থাকলেও তার জীবন যেন ঝুঁকিতে না পড়ে।
ভবন ধসের ষষ্ঠ দিনে ভারী যন্ত্রপাতি আর সরঞ্জাম দিয়ে চলছে উদ্ধার অভিযান।
কিন্তু রোববার রাত থেকে সোমবার বিকাল পর্যন্ত পাঁচটি লাশ উদ্ধার হয়েছে, এর মধ্যে গত ১২ ঘণ্টায় উদ্ধার হয়েছে একটি লাশ।
এর ফলে সন্দেহের উদ্রেক হয়েছে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে আসা আবুল কাশেমের মনে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল (রোববার) আমরা ভেতরে ঢুকে অনেক লাশ দেখে এসেছি। কিন্তু আজ মাত্র একটা লাশ বের করা হয়েছে। লাশ নিশ্চিহ্ন করার জন্যই ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।”
ভবন ধসের পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই উদ্ধার অভিযানে সাধারণ মানুষ স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নিলেও এখন কাজ করছে শুধু সেনা সদস্য ও দমকলকর্মীরা।
উদ্ধারকাজে বিকাল পর্যন্ত চারটি হাইড্রোলিক ক্রেইন, কয়েকটি বুলডোজার, টায়ার ডোজার, ময়লা ফেলার ট্রাক ও একটি কাটারপিলার ব্যবহার করতে দেখা যায়। বিকালের পর জাতিসংঘের লোগো লাগানো আরেকটি হাইড্রোলিক ক্রেইনও দেখা যায়।
সর্বশেষ পাঁচটি লাশ উদ্ধারের পর এই ভবন ধসে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮২তে।
ধসে পড়া ভবনটির চারপাশে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এ কারণেই সবাই অনুমান করছেন, ভেতরে অনেক লাশ পচে আছে।
ভবন ধসের ষষ্ঠ দিনে ভারী যন্ত্রপাতি আর সরঞ্জাম দিয়ে চলছে উদ্ধার অভিযান।
“যদি লাশই বের না হবে, তাহলে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে লাভ কী?” প্রশ্ন করেন শোকাচ্ছন্ন এই ব্যক্তি।
বিক্ষুব্ধদের ভবনের সামনে যেতে দিচ্ছেন না পুলিশ, আগেই তাদের আটকে দেয়া হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ আইএসপিআরের পরিচালক শাহিনুর ইসলাম ভেতরে থাকা লাশের কোনো হিসাব দিতে পারেননি।
দুপুর সোয়া ৩টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জীবিত উদ্ধার ২৪৩৭ এবং মৃত উদ্ধার ৩৮১। ধসে পড়া ভবনে একটি প্রাণের সন্ধান থাকা পর্যন্ত এবং প্রত্যেকটি মৃতদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।”
তার সংবাদ সম্মেলনের পর উদ্ধার করা হয় শাহীনা আক্তারের লাশ, যাকে উদ্ধারে রোববার দীর্ঘ সময় ধরে চেষ্টা চলছিল, কিন্তু অগ্নিকাণ্ডের কারণে তা ভেস্তে যায়।
