২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বামীর লাশটি অন্তত ফেরত দিন’

ভবন ধসের পর পাঁচ দিন অপেক্ষা শেষে স্বামীকে জীবিত পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন রত্না বেগম, ছয় মাসের শিশু সন্তান কোলে নিয়ে স্বামীর লাশ ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছেন তিনি।

সেলিম আহমেদ

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 12:09 PM

Updated : 25 Apr 2022, 06:40 PM

সোমবার দুপুরে সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে সন্তানকে কোলে নিয়ে কান্নায় ভেঙে  পড়তে দেখা যায় রত্নাকে।

“সন্তানের দোহাই, আপনারা আমার স্বামীর খোঁজ দিন। জীবিত সম্ভব না হলে অন্তত লাশটি ফেরত দেন। আমি আর কিছু চাই না শুধু স্বামীর লাশ ফেরত চাই,” বলেন তিনি।

মায়ের সঙ্গে অবুঝ শিশুকেও বার বার কেঁদে উঠতে দেখা যায়।

বুধবার সকালে নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে, যার সপ্তম তলায় অপারেটর হিসেবে কাজ করতেন রত্নার স্বামী রুহুল আমীন।

এরপর  ধংসস্তূপ থেকে অধর চন্দ্র স্কুলের মাঠ, লাশ রাখা হাসপাতাল সব জায়গায় স্বামীর সন্ধান করেছেন রত্না। সন্তান বুকে জড়িয়ে অনিশ্চিত ও অজানা আশঙ্কায় সময় কাটান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এ শিশুটির এখন কী হবে, কেমন করে আমি একে মানুষ করবো।”

আগের দিন ভবনে ফাটল দেখা দেয়ায় দুর্ঘটনার দিন তার স্বামী কারখানায় যেতে চাইছিলেন না জানিয়ে রত্না বলেন, “যেদিন ফাটল দেখা দিয়েছিল  সেদিনই উনি বলেছিলেন- বেতন তোলার পর আর ওই ফ্যাক্টরিতে যাবেন না।”

“পরদিন সকালে কারখানা থেকে ফোন করে ডেকে নেয়। উনি যেতে চাননি, কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন কাটার হুমকি দিয়ে বলে, না গেলে দুই দিনের বেতন কেটে নেয়া হবে।”

তখন কারখানার উদ্দেশ্যে বাসা থেকে বের হন রুহুল আমিন। এরপর তার আর কোনো খোঁজ মেলেনি।

রত্না বলেন, তার স্বামী জীবিত বা মৃত যে অবস্থায় হোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

“কিন্তু লাশটি উদ্ধার না করে বিল্ডিংয়ের ভাঙা অংশ গুড়াইয়া দিবে। সে যদি মারাও গিয়ে  থাকে তাহলে আমি তার লাশটি চাই।”

রুহুল আমিনের বাড়ী ময়মনসিংহের গৌরীপুরে। স্ত্রী-সন্তান নিয়ে সাভারের আড়াপাড়া এলাকায় ভাড়া থাকতেন তিনি।