প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ, যানজট
সাভারের বহুতল ভবন রানা প্লাজা ধসের ঘটনায় গার্মেন্ট মালিকসহ দায়ীদের গ্রেপ্তারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ করছে কয়েকটি গার্মেন্ট শ্রমিক সংগঠন।
রোববার দুপুর ১২টার দিকে এ সমাবেশ শুরু হওয়ার পর প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ হয়ে যায়। পরে দুপুর আড়াইটার দিকে যান চলাচল শুরু হয়।
শত শত তৈরি পোশাক শ্রমিক বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে সমাবেশে আসে। এতে সিপিবি নেতা মনজুরুল আহসান খান, অ্যাডভোকেট মন্টু ঘোষ, শ্রমিক নেতা মোশরেফা মিশু, মাহাবুবুর রহমান ইসমাঈম, তাছলিমা আক্তার লিমা, রফিকুল ইসলাম পথিক, জলি তালুকদার প্রমুখ যোগ দেন। সমাবেশ শেষে শ্রমিকদের একটি মিছিল পল্টন মোড় হয়ে তোপখানায় এসে শেষ হয়।
ভবন ধসের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তিসহ নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নেয়ার দাবিও করেন শ্রমিকরা।
শাহবাগ থানার পরিদর্শক মো. শহীদ জানান, শ্রমিকরা ১২টা থেকে সোয়া ২টা পর্যন্ত সমাবেশ করে। আড়াইটা থেকে প্রেসক্লাবের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সাভারে ধসে পড়া রানা প্লাজায় পাঁচটি তৈরি পোশাক কারখানায় প্রায় পাঁচ শ্রমিক কাজ করতেন বলে সংশ্লিষ্টরা জানান।
শ্রমিকদের অভিযোগ, আগের দিন কারাখানায় ফাটল দেখা দিলেও কারাখানা মালিকরা তাদের জোর করে কাজে যোগ দিতে বাধ্য করে।
এ ঘটনার পর ভবন মালিক সাভার পৌর যুবলীগ নেতা মো. সোহেল রানাসহ কারাখানার মালিকদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
পুলিশ এখন পর্যন্ত রানাকে গ্রেপ্তার করতে না পারলেও তার কয়েক আত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। অপরদিকে তিন গার্মেন্ট মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
