৯৬ ঘণ্টা পরও মরিয়া চেষ্টা
সাভারে ভবন ধসের ৯৬ ঘণ্টা পরও ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের মরিয়া চেষ্টা চলছে।
রোববার সকালেও রানা প্লাজার দ্বিতীয় তলায় কয়েকজনকে জীবিত পাওয়া গেছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
সকাল ৮টা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৪ জনে। এর মধ্যে ৩০২ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ৫২টি মরদেহ ঢাকা মেডিকেল ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উদ্ধার অভিযানের দায়িত্বে থাকা সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল সিদ্দিকুল আলম শিকদার সকালে সাংবাদিকদের বলেন, জীবিতদের উদ্ধারের সর্বাত্মক চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন।
“যতক্ষণ একজনকেও জীবিত পাওয়া যাবে, ততোক্ষণ উদ্ধার কাজ চলবে।”
সেনা সদস্যরা ইতোমধ্যে ধসে পড়া রানা প্লাজার আশপাশ থেকে উদ্ধারকর্মী ছাড়া সবাইকে সরিয়ে দিয়েছেন। হাইড্রলিক ক্রেন ও বুলডোজার নিয়ে আসা হয়েছে ভবনের সামনের অংশে।
ভবনের ভেতর আর কেউ জীবিত নেই নিশ্চিত হয়ে এসব ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংস্তূপ সরানোর কাজ শুরু হবে বলে উদ্ধারকাজে নিয়োজিত সেনা কর্মকর্তারা জানান।
শনিবার দুপুরে ও রাতে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের মধ্যেও জীবিতদের বের করে আনার চেষ্টা চালিয়ে যান উদ্ধারকর্মীরা। দিনভর চেষ্টায় মোট ৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের চার দিনে ধ্বংসস্তূপের ভেতর থেকে ২ হাজার ৪ শ জনের বেশি মানুষকে বের করে আনা সম্ভব হয়েছে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।
ধসে পড়ার সময় রানা প্লাজার পাঁচটি পোশাক কারখানাসহ ভবনে কত মানুষ ছিলেন, তার সঠিক পরিসংখ্যান পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, এই সংখ্যা সাড়ে ৩ হাজারের কাছাকাছি।
এছাড়া প্রায় দেড় কিলোমিটার দূরে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রয়েছে আরেকটি তথ্য কেন্দ্র। লাশ উদ্ধারের পর সেখানে রাখা হচ্ছে, আহতদের নেয়া হচ্ছে হাসপাতালে।
অধর চন্দ্র বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত পুলিশ উপপরিদর্শক সাইফুল ইসলাম শনিবার জানান, স্বজনদের কাছ থেকে যে তথ্য তারা পেয়েছেন, সে অনুযায়ী এখনো ১০৫০ জন নিখোঁজ রয়েছেন।
গত বুধবার ধসে পড়ে সাভার বাসস্ট্যান্ডের নয় তলা ভবন রানা প্লাজা। প্রথমে স্থানীয়রা ধ্বংস্তূপে উদ্ধার অভিযান শুরু করে, পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসসহ অন্য সংস্থাগুলোর সমন্বিত উদ্ধার অভিযান শুরু হয়।
৫৬ শতাংশ জমির ওপর নির্মিত নয় তলা ওই ভবন ধসে পড়ে এখন তিন তলার উচ্চতা নিয়ে আছে। আর কনক্রিট কেটে গর্ত তৈরি করে ভেতরে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকর্মী দল।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক শাহীনুল ইসলাম জানান, ধসে পড়া ভবনের বিভিন্ন অংশে সাতটি গর্তে (হোল) বিশেষ ক্যামেরা দিয়ে ধ্বংসস্তূপের নিচ পর্যবেক্ষণ করা হচ্ছে। এই রকম ২৫টি গর্ত তৈরি করা হয়েছে।
“তন্ন তন্ন করে আমরা ভবনের নিচে মানুষ খুঁজছি। যখনি কোনো সম্ভাবনা দেখছি, তখনি উদ্ধারের ব্যবস্থা নিচ্ছি।”
সাভার পৌর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সোহেল রানার মালিকানাধীন এই ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় ইলেকট্রনিক্স, কম্পিউটার, প্রসাধন সামগ্রী ও পোশাকের দোকান ছিল।
ছয় তলার অনুমতি নিয়ে নয় তলা করা এ ভবনে নিউ ওয়েভ বটমস লিমিটেড, নিউ ওয়েভ স্টাইল, নিউ ওয়েভ অ্যাপারেলস, ফ্যান্টম অ্যাপারেলস লিমিটেড, ফ্যান্টম ট্যাক লিমিটেড ও ইথার টেক্সটাইল লিমিটেড নামে পাঁচটি পোশাক কারখানা ছিল।
এর মধ্যে তিন কারখানা মালিক এবং সাভার পৌরসভার দুই প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের চার জনকে রিমান্ডেও পেয়েছে।
তবে ভবন মালিক যুবলীগ নেতা সোহেল রানাকে রোববার সকাল পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি।
সরকার তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে বলে বিএনপি অভিযোগ করলেও স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু সেই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, রানাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট।
