২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ’

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানসহ লাগসই চাষাবাদ প্রযুক্তি এদেশকে খাদ্যাভাবজনিত বিপর্যয় থেকে রক্ষা করেছে। তাই দেশের জনসংখ্যা বেড়ে দ্বিগুণের বেশি হলেও খাদ্যঘাটতি জনিত বড় ধরনের কোনো সংকট দেখা দেয়নি।বাংলাদেশ এখন চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 05:52 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শনিবার রাজধানীর বেল টাওয়ারে ধান উৎপাদন বৃদ্ধিতে ব্রি’র অবদান শীর্ষক এক কর্মশালায় গবেষকরা এসব অভিমত দেন।  

এতে আরো জানানো হয়, ধান গবেষণা ও সম্প্রসারণে প্রতি এক টাকা বিনিয়োগ থেকে ৪৬ টাকা মুনাফা অর্জন হয়।

গবেষকরা বলেন, স্বাধীনতার সময় এদেশে ধান উৎপাদন হতো বছরে এক কোটি টনের মতো। বর্তমানে এ উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে সাড়ে তিন কোটি টন। নানা কারণে দেশে আবাদি জমির পরিমাণ কমছে। অন্যদিকে জনসংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। এই বাস্তবতার মধ্যেও চাল উৎপাদনে কাঙ্খিত সফলতা এসেছে মূলত ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাতসমূহের জন্য। দেশের আশি ভাগ জমিতে এসব ধানের চাষাবাদ হয় এবং তা থেকে আসে মোট ধান উৎপাদনের প্রায় ৯০ শতাংশ।

ব্রি’র মহাপরিচালক ড. মো. সাইদুল ইসলামের সভাপতিত্ত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  ড. মাহবুবুর রহমান।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রি’র পরিচালক (প্রশাসন) ড. জীবন কৃষ্ণ বিশ্বাস।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ইনডিপেন্ডেন্ট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শাহনূর ওয়াহিদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. ক্ষিরোদ চন্দ্র রায়, ব্রি‘র পরিচালক (গবেষণা) ড. মো. শমসের আলী ।

বৈঠকে বিজ্ঞানী, বিশেষজ্ঞ, সম্প্রসারণবিদ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

উপস্থাপিত মূল প্রবন্ধে বলা হয়, ১৯৭০ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে ব্রি খাদ্য নিরাপত্তা ও জাতীয় অগ্রগতিতে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে।

যার মধ্যে উল্লেখযোগ্য হলো- চারটি হাইব্রিডসহ ৬০টি উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন।

ব্রি’র এসব উদ্ভাবনের মধ্যে রয়েছে লবণাক্ততা সহনশীল ৫টি, আকস্মিক বন্যা মোকাবিলার ২টি, খরা সহনশীল ৩টি, মঙ্গা মোকাবিলার ১টি,  সর্বাধিক ফলনের ৪টি এবং সুগন্ধি ও রপ্তানি উপযোগী ২টি জাত। আধুনিক ধান চাষের জন্য মাটি, পানি ও সার ব্যবস্থাপনার ক্ষেত্রে ৫০টির বেশি উন্নত প্রযুক্তি উদ্ভাবন। ৩৯টি লাভজনক ধানভিত্তিক শস্যক্রম উদ্ভাবন। ধানের ৩১টি রোগ ও ২৬৬টি ক্ষতিকর পোকা সনাক্তকরণ এবং বালাই ব্যবস্থাপনা উদ্ভাবন।

বিশ্বের ১৯টি দেশে ব্রি উদ্ভাবিত ২০টি জাতের ধান চাষ করা হচ্ছে।