২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরবান স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্ব সিসিকে দেয়ার দাবি

এডিবি অর্থায়ন না করলে চট্টগ্রামের আরবান স্বাস্থ্য কেন্দ্রগুলোর দায়িত্ব সিটি কর্পোরেশনকে দেয়ার দাবি জানিয়েছেন এসব স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসক-কর্মচারীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 04:29 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শনিবার বিকালে মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান তারা।

চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চসিক আরবান চিকিৎসক কল্যাণ পরিষদ ও নগর স্বাস্থ্য কেন্দ্র কর্মকর্তা/কর্মচারী কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে এ মানববন্ধন রচনা করা হয়।

পরে এক সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চসিক এ স্বাস্থ্য কেন্দ্রগুলোকে ‘এনজিওকরণের পাঁয়তারা’ করছে।

সিটি কর্পোরেশন এসব স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছিল এলাকার দরিদ্র মানুষের চিকিৎসার জন্য। স্বাস্থ্য কেন্দ্রগুলো এনজিওর কাছে হস্তান্তর করা হলে নগরীর গরীব বস্তিবাসী জনগণ স্বল্প মূল্যের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে।

বক্তারা চসিকের দিকে ইঙ্গিত করে বলেন, ‘ষড়যন্ত্র বাদ দিন, কর্মচারীদের বেতনও দিতে হবে, স্বাস্থ্য কেন্দ্রও পরিচালনা করতে হবে।’

আরবান চিকিৎসক কল্যাণ পরিষদের সভাপতি ডা. তৌহিদুল আনোয়ার খানের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর এম এ নাসের, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন শ্যামল, চসিক সিবিএ’র এর সভাপতি দোস্ত মোহাম্মদ, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, মো. শাহ্ আলম, চসিক আরবান চিকিৎসক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ডা. উম্মে কুলসুম সুমী, ডা. রোজী দাশ প্রমুখ।

৬২ কোটি টাকা ব্যয়ে স্থাপিত ৪৩টি আরবান স্বাস্থ্য কেন্দ্র ২০০১ সালের জানুয়ারি থেকে সেবা কার্যক্রম শুরু করে।

দুই মেয়াদের জন্য নেয়া এ প্রকল্পের মেয়াদ শেষ হয় ২০১১ সালের ডিসেম্বর মাসে। পরবর্তীতে এর মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়।