২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সেচখালে ভাঙন, ফসল প্লাবিত

ঝিনাইদহের শৈলকুপায় গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের একটি খালের পাড় ভেঙে প্রায় দুই হাজার বিঘা ফসলি জমি প্লাবিত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 12:00 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শুক্রবার রাতে চর বাখরবা গ্রামে এ হঠাৎ বন্যার জন্য এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করেছেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডের এক কর্মচারীকে মারধর করেছে।

চর বাখরবা গ্রামের সদরুল ইসলাম ও মো. মাসুদ বলেন, কয়েকদিন আগে চর বাখরবা গ্রামের জিকে প্রকল্পের প্রধান সেচখালের দক্ষিণ পাড়ে ছিদ্র দেখা দেয়। ওই ছিদ্র দিয়ে পানি চুইয়ে পড়ছিল।

বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কার্য সহকারী মোশারফ হোসেনকে জানানো হলেও তিনি তাতে গুরুত্ব দেননি।

তারা বলেন, শুক্রবার রাত ৮টার দিকে খালের এক পাড়ের প্রায় ৫০ ফুট ভেঙে যায়। এরপর প্রবেল বেগে পানি বের হয়ে চর বাখরবা, পুরাতন বাখরবা ও গোয়ালবাড়িয়া গ্রামের আনুমানিক দুহাজার বিঘার পাট, তিল ও বোরোধান ক্ষেত তলিয়ে গেছে।

সারুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যার মাহমুদুল হাসান মামুন বলেন, খালের পানিতে ক্ষেতের পাট, তিল বোরো ধান ডুবে গেছে। এতে প্রায় তিন হাজার চাষী ক্ষতিগ্রস্ত হয়েছে।

শৈলকুপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যার জাহিদুন্নবী কালু এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, চাষিদের অন্তত দুকোটি টাকার ক্ষতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের এ জন্য ক্ষতিপূরণ দেয়া উচিত বলে মনে করেন তিনি।

পানি উন্নয়ন বোর্ডের ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, এটি একটি দুর্ঘটনা। এরপর স্থানীয়রা তাদের কর্মচারী মাশারফ হোসেনকে মারপিট করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুয়েকদিনের মধ্যে ভাঙা স্থান মেরামত করা হবে বলেও তিনি জানান।