প্রবাসীদের প্রার্থনা
সাভারে ভবন ধসে নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আরোগ্য কামনা করে দেশের পাশাপাশি প্রার্থনায় অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।
গত ২৪ এপ্রিল সকালে সাভারে ধসে পড়ে নয়তলা ভবন রানা প্লাজা। এই ধসে হতাহতের জন্য শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত হয়, প্রার্থনা হয় অন্য সব উপাসনালয়েও।
শুক্রবার জুমার নামাজ শেষে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পরিচালনাধীন বিভিন্ন মসজিদেও দোয়া হয়। এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিতেও আহ্বান জানানো হয় জুমার খুৎবায়।
উত্তর আমেরিকায় বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টারে ইমাম কাজী কাইয়ুম মসজিদের বাইরে সব মুসল্লিদের নিয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন।
মাহফিলে অংশ নেয়া প্রবাসীরা এই ধসের জন্য দায়ীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।
বাংলাদেশের এই ভয়াবহ দুর্ঘটনা ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, লস এঞ্জেলেস টাইমসসহ যুক্তরাষ্ট্রের প্রায় সব দৈনিকেই স্থান পেয়েছে, শ্রমিকদের অনিরাপদ পরিবেশ নিয়ে সমালোচনাও হয়েছে।
যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাংলাদেশ ককাসের চেয়ারম্যানসহ তিন সদস্য এক বিবৃতিতে ভবন ধসে নিহতদের স্বজনের প্রতি সমবেদনার পাশাপাশি দায়ীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
