নড়াইলে শিবিরের সভাপতি-সেক্রেটারি গ্রেপ্তার
পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের নড়াইল শাখা শীর্ষ দুই নেতা।
শিবিরের জেলা সভাপতি রাজিবুল ইসলাম মনির (২৮) এবং সেক্রেটারি খান আব্দুস সোবহানকে (২৫) শুক্রবার রাতে শহরের আলাদাতপুর এলাকার একটি মেস থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেয়ার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে গত বছরের ৫ নভেম্বর নড়াইলে বিক্ষোভের সময় শিবিরে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে।
ওই ঘটনায় সদর থানার এসআই আমির হেসেন বাদী হয়ে জামায়াত-শিবিরের ২০০ জনকে আসামি করে মামলা করে। ওই মামলা তদন্ত করছেন এসআই খায়রুল।
শিবির সভাপতি মনির সদর উপজেলার দিঘলিয়া গ্রামের মৃত গোলাম রব মোল্যার ছেলে। সোবহান লোহাগড়া উপজলার মাকড়াইল গ্রামের খান মশিউর রহমানের ছেলে।
