জগন্নাথ ছাত্র ফারুকের সন্ধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ফারুকের সন্ধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তার বামা-মা।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ওমর ফারুকের বাবা আবুল কাশেম বলেন, গত ১১ এপ্রিল হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বেরোনোর পর থেকে তার বড় ছেলে ওমর ফারুককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
“অনেক খোঁজাখুজি করেছি। কোনো সন্ধান পাইনি। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল মিনতি অতি শিগগিরই আমার ছেলেকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা গ্রহণ করুন।”
ওমর ফারুক জগন্নাথ বিশ্ববিদ্যালযের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের নোয়াগাঁও গ্রামে। ঢাকায় দক্ষিণ কমলাপুরের সরদার কলোনিতে সে থাকতো।
পরিবারের সদস্যরা জানান, গত ৯ এপ্রিল সবর্শেষ ওমর ফারুকের সঙ্গে তাদের টেলিফোনে কথা হয়। ১১ এপ্রিল সকাল ১১টায় বাসা থেকে বেরোনোর পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।
নিখোঁজ হওয়ার পর গত ১৫ এপ্রিল মতিঝিলে একটি জিডি করা হয়েছে বলে জানান ওমর ফারুকের বাবা।
সংবাদ সম্মেলনে নিখোঁজ ওমর ফারুকের মা পেয়ারা বেগম, চাচা মোশাররফ হোসেন, মেজ ভাই মো. ফরহাদ ও ছোট বোন নাজমা বেগম ও ছাত্র দলের সাবেক নেতা আনিসুর রহমান ইসলাম তালুকদার খোকন উপস্থিত ছিলেন।
